ভৈরবে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের বিনামূল্যে অপারেশন

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ২১:১৬
ভৈরবে মা ও শিশু জেনারেল হাসপাতালের উদ্যোগে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের বিনামূল্যে অপারেশন চলছে। গতকাল শুক্রবার ভৈরবে মা ও শিশু জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত বিনামূল্যে অপারেশন ক্যাম্প উদ্বোধন করেন প্রধান অতিথি ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ড. মোশতাক আহমেদ বুলবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মা ও শিশু জেনারেল হাসপাতালের প্রধান উপদেষ্টা ও ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন আবুল মনসুর। অনুষ্ঠান উদ্বোধনের আগে অপারেশনের জন্য কিশোরগঞ্জ, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া এ তিন জেলার অর্ধশতাধিক জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের নাম রেজিস্ট্রেশন করা হয়। বিনামূল্যে অপারেশন ক্যাম্পে জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের অপারেশন করেন কুমিল্লা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. মির্জা মু. তাইয়েবুল ইসলাম ও তার টিম। এ ব্যাপারে হাসপাতালের চেয়ারম্যান লায়ন ডা. বুলবুল আহম্মদ বলেন, মা ও শিশু জেনারেল হাসপাতালের উদ্যোগে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠালগ্ন থেকে ইতিমধ্যে ভৈরব ও আশপাশ উপজেলার প্রতিটি ইউনিয়নে বিনামূল্যে চিকিত্সাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এখন থেকে প্রতিমাসে হাসপাতালে জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের বিনামূল্যে অপারেশন অব্যাহত থাকবে।