ডিআরএস বিরোধিতা করার কারণ পেয়ে গেছে ভারত : রিচার্ডসন

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ২১:২৪
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসন বলেছেন, বিতর্কিত ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) বিরোধিতা করার কারণ পেয়ে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ডিআরএস প্রযুক্তি এখনো শতভাগ নির্ভুল নয় বলেও স্বীকার করেন তিনি। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যে চলমান অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে বিতর্কিত সিদ্ধান্তের কারণে নতুন করে আলোচনায় আসে ডিআরএস। এ্যাশেজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিন চা বিরতির সময় একটি টেলিভিশনে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড গাওয়ারের সঙ্গে আলোচনাকালে রিচার্ডসন বলেন, ‘ডিআরএস-এর বিরোধিতা করার ভাল কারণ পেয়েছে ভারত এবং কিছু ইস্যু নিয়ে বিতর্ক আছে। তবে অবশ্যই আমরা এটার আরো উন্নতি করতে পারি এবং তিনবার পর্যালোচনার মত বিষয় নিয়ে আলোচনা করতে পারি।’ তিনি বলেন, ‘প্রকৃত সত্য হচ্ছে আইসিসির স্থায়ী সদস্য সংখ্যা ১০ এবং প্রত্যেকেরই একটা করে ভোট আছে। যে কেউই বলতে পারে ‘শুনুন আমরা রাজি নই।’ কমপক্ষে সাতটি দেশ ডিআরএস ব্যবহারে রাজি হলেই কেবল এটা করা হবে।’ দক্ষিণ আফ্রিকা দলের সাবেক উইকেটরক্ষক রিচার্ডসন বলেন, ‘ট্রেন্ট ব্রিজ টেস্টে মাঠে উপস্থিত আম্পায়ারদের জন্য বিষয়টি কঠিন ছিল।’ ঐ ম্যাচ শেষে আম্পারিং-এর পরিসংখ্যান জানিয়ে আইসিসি কেন গণমাধ্যমে বিবৃতি দিল-এ বিষয়ে রিচার্ডসন বলেন, ‘আমি মনে করি বিষয়টি নিয়ে সকলের পরিষ্কার ধারণা থাকা উচিত। এটা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা টেস্ট ম্যাচ ছিল এবং পিচ খুব সহজ ছিল না। প্রত্যেক পাঁচ ওভার পরই কিছু একটা ঘটছিল এবং বিষয়টি সম্পর্কে আমাদের পরিষ্কার হওয়া ও ভুলগুলো স্বীকার করা দরকার ছিল। সেখানে আম্পায়ারদের সাতটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে এবং এর মধ্যে চারটি সঠিক ছিল।’ তিনি বলেন, ‘বর্তমান বিশ্বে আমরা সবকিছুই একদম সঠিক দেখতে চাই। তবে সব ক্ষেত্রে সেটা খুব সহজ নয়। সকল বিধি-নিষেধ ও প্রটোকল মেনে চলা সত্ত্বেও এখনো বিমান দুর্ঘটনা ঘটে।’ - বাসস