ধানমন্ডিতে বৃহস্পতিবার গভীর রাতে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন মোহন হালদার নামে চা দোকানদার। একই ঘটনায় আহত হয়েছেন জাহিদুল ইসলাম শুভ নামে এক ক্রেতা। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গতকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এলাকাবাসী জানিয়েছে, জিগাতলা বাসস্ট্যান্ড সংলগ্ন ইবনেসিনা হাসপাতাল গলিতে নিহত মোহনের চায়ের দোকান। বুধবার রাতে তার দোকানের সামনে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে হাজারীবাগ এলাকার কয়েক যুবকের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাত ১২টার দিকে হাজারীবাগ এলাকার ১০/১২ জন যুবক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মোহনের দোকানে হামলা চালায়। তারা মোহনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও দোকান ভাঙচুর করে। এ সময় দোকানের সামনে বসে চা খাওয়া অবস্থায় আহত হন শুভ। তাদের চিত্কারে লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মোহনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে তিনি মারা যান।
ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, রাতে বিষয়টি পুলিশকে কেউ অবহিত করেনি। গতকাল সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প থেকে বিষয়টি জানতে পারি। খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। নিহত মোহনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের কালিগঞ্জে। তার বাবার নাম হামিদুল্লাহ।
