ছিনতাইকারীদের ধরতে গিয়ে নিজের ছোঁড়া গুলিতে আহত হয়েছেন রমনা থানার পুলিশ কনস্টেবল মাহবুব আলম। রমনা এলাকার সবজিবাগান রোডে টিএন্ডটি অফিসের সামনে বৃহস্পতিবার রাত আড়াইটায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ গ্রেফতার করেছে তিন ছিনতাইকারীকে।
পুলিশ জানায়, রমনা থানার এসআই মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঐ এলাকায় টহল দিচ্ছিল। এ সময় একটি প্রাইভেটকারকে ঘোরাফেরা করতে দেখে তাদের সন্দেহ হওয়ায় তারা প্রাইভেটকারটিকে থামানোর চেষ্টা করে। ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যেতে চাইলে পুলিশ কনস্টেবল মাহবুব আলম গুলি ছোঁড়ে। প্রাইভেটকারের দুই চাকার মাঝের স্টিলের পাতে বাধা পেয়ে ফিরে এসে তার শরীরে বিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়।
তবে পুলিশ প্রাইভেটকারসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে একটি মোবাইল, ২টি চাপাতি, ভ্যানিটি ব্যাগ, ৩ হাজার টাকা। এ ঘটনায় রমনা থানায় মামলা হয়েছে।
