২০ রমজানের মধ্যেই শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশে নেতারা এ দাবি জানান। এছাড়া গত ১৪ জুলাই সংসদে পাস হওয়া শ্রম (সংশোধন) আইন শ্রমিক বান্ধব হয়নি বলে এই আইন বাতিলেরও দাবি জানানো হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোশরেফা মিশু।
বক্তারা শ্রম আইনের সংশোধনীর বিভিন্ন ত্রুটি তুলে ধরে বলেন, নারী শ্রমিক নির্ভর গার্মেন্টস শিল্পে ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত না করে নারী শ্রমিকদের প্রতি বৈষম্যের দৃষ্টিভঙ্গীকে আরো বাড়িয়ে দিয়েছেন।
নতুন শ্রম আইনে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৪ মাস করা হয়েছে। ৪ মাস পর ওই শ্রমিক কাজে যোগদান করলে তাকে ২ মাসের মূল বেতনের সমপরিমাণ বোনাস দেয়া হবে। এছাড়া ৫ শতাংশ মুনাফা শ্রমিকদের মধ্যে না থাকার কারণে শ্রমিকদের মধ্যে বঞ্চনা আরো তীব্র হবে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা শহীদুল ইসলাম সবুজ, স্বপন হোসেন, উজ্জল রায়, হানিফ বাচ্চু প্রমুখ।
