যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের রাজনীতিকদের নেতিবাচক রাজনীতির কারণে দেশের জনগণ তাদের উপর বিরক্ত। আমরা রাজনীতিবিদরা নিজেদের স্বার্থের কথা যতোটা ভাবি জনগণের স্বার্থের কথা ততোটা ভাবি না। মানুষ ভাবে আমরা তাদের ভাগ্য নিয়ে তামাশা করছি। এজন্য জনগণ রাজনীতিবিদদের থেকে পৃথক হয়ে গেছে। আমরা যদি বেপরোয়া গাড়ীর চালকের মতো বেপরোয়া আচরণ করি, বেপরোয়াভাবে কাজ করি, মানুষ যদি রাজনীতিবিদদের উপর আস্থা হারিয়ে ফেলে, তাহলে দেশটা চলবে কি করে। সরকারের মেয়াদের শেষ বছরটি নির্বাচনের বছর। এ বছরের দিন যতো যাবে ততোই আমাদের উত্তাল সময় অতিক্রম করতে হবে। গতকাল শুক্রবার সকালে ঢাকা-নরসিংদী সড়কের গাজীপুরের মীরের বাজার এলাকায় পরিদর্শন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরো বলেন, টঙ্গী-ঘোড়াশাল (ঢাকা-কালীগঞ্জ-ঘোড়াশাল) সড়কে রাস্তার তুলনায় যানবাহনের চাপ বেশি, রাস্তা অপ্রশস্ত। যে কারণে টঙ্গী থেকে ঘোড়াশাল পর্যন্ত রাস্তা প্রশস্ত করা হবে। চলতি বছর আগস্ট মাসেই টেন্ডার দেয়া হবে এবং বর্ষা শেষেই কাজ শুরু হবে। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, পদ্মাসেতুর কাজ চলমান, মূল সেতুর টেন্ডার হয়েছে। এখন টেকনিক্যাল কমিটি এর কার্যাদেশ প্রদান করবে।
