সিলেটে সাংবাদিক অপহরণের ঘটনা ঘটেছে। নগরীর জিন্দাবাজার এলাকা থেকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইন্ডিপেন্ডেন্ট টিভির ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপনকে সিএনজি অটোরিক্সাযোগে অপহরণ করা হয়। এর প্রতিবাদে রাতেই সাংবাদিকরা রাস্তায় নেমে পড়েন। তারা ঘটনার পরপরই নগরীর পাঠানটুলায় সিলেট-সুনামগঞ্জ সড়কে অবরোধের সৃষ্টি করেন। অপহরণের অভিযোগে পুলিশ সিদ্দিক নামের এক ব্যক্তিকে আটক করেছে ।
সিলেট নগরীর জিন্দাবাজার ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির সম্মুখ থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ইন্ডিপেন্ডেন্ট টিভির ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপনকে সিএনজি অটোরিক্সাযোগে অপহরণ করা হয়। তাকে পাঠানটুলায় সাবেক ছাত্রলীগ নেতা বিধান কুমার সাহার অফিসে নিয়ে নির্যাতন করা হয়। এক পর্যায়ে রিপন বাথরুমে গিয়ে মোবাইলে এসএমএস দিয়ে তার এক সহকর্মীকে বিষয়টি জানালে সাংবাদিকরা সেখানে ছুটে যান এবং সিলেট-সুনামগঞ্জ সড়কে অবরোধ করেন। সাবেক ছাত্রলীগ নেতা বিধান কুমার সাহার অফিসও ঘেরা করে রাখেন। পরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান এসে সাংবাদিক রিপনকে উদ্ধার করেন। এরপরও সাংবাদিকরা কর্মসূচি অব্যাহত রাখেন। রাত সাড়ে ১২টার দিকে এসএমপির অতিরিক্ত কমিশনার এসএম রোকনউদ্দিন, উপ-পুলিশ কমিশনার এজাজ আহমদ ও কোতোয়ালী থানার ওসি আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদসহ পদস্থ কর্মকর্তারা সেখানে ছুটে যান। আরো সাংবাদিক সেখানে উপস্থিত হন। রাত ২টায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধে অবরোধ প্রত্যাহার করা হয়। রিপন রাতেই থানায় এজাহার দিয়েছেন।
