সেনাবাহিনী আন্তঃঅঞ্চল কেরাত ও আজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ২২:২১
বাংলাদেশ সেনাবাহিনী আন্তঃঅঞ্চল ক্বেরাত ও আযান প্রতিযোগিতা ২০১৩-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বাদ জুমা ঢাকা সেনানিবাসস্থ সিগন্যাল মসজিদে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দলগতভাবে সাভার অঞ্চল চ্যাম্পিয়ন এবং ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড রানারআপ পুরস্কার লাভ করে। এ বছর ক্বেরাতে সাভার অঞ্চল দলের সার্জেন্ট মো. খলিলুর রহমান ও আযানে লজিস্টিক্স এরিয়া দলের ল্যান্স কর্পোরাল মো. রুহুল আমীন প্রথম স্থান অধিকার করেন। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স মেজর জেনারেল আব্দুল মতিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় ঢাকা সেনানিবাসে কর্মরত সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল পর্যায়ের অফিসার ও সৈনিকরা উপস্থিত ছিলেন। এর আগে গত ৫ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সদর দফতর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে ও আর্মি স্ট্যাটিক সিগন্যাল ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় ঢাকা সেনানিবাসস্থ সিগন্যাল মসজিদে আন্তঃঅঞ্চল ক্বেরাত ও আযান প্রতিযোগিতা ২০১৩ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর কামান্ডার, ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড, ব্রিগেডিয়ার জেনারেল মো. এমমাদ উল বারী প্রতিযোগিতা উদ্বোধন করেন।