শেখ হাসিনার নেতৃত্বেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ২২:৪২
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে এ সরকারের অধীনেই একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচন ও অন্যান্য নির্বাচন সফলভাবে পরিচালনাকারী শক্তিশালী নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনা করবে। প্রমাণিত হয়ছে এ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব। গতকাল শুক্রবার ভোলা পৌরসভা মিলনায়তনে সদর উপজেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেনের সভাপতিত্বে বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আর কখনও ফিরে আসবে না। তোফায়েল বলেন, গণতন্ত্রের স্বার্থে ও নির্বাচন প্রশ্নে আমরা বিএনপিকে বার বার আলোচনার আহ্বান জানালেও তারা আসেনি। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল। গণতন্ত্রকে সমুন্নত রাখাই আমাদের কাজ। অপরদিকে হেফাজতের আমীর আল্লামা শফির কিছু বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এ যুগেও তিনি নারীদের চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ার উপদেশ দিয়ে তাদের শিক্ষার আলো থেকে বঞ্চিত করতে চাইছেন। নারীদের তেঁতুলের সাথে তুলনা করে নারী সমাজকে অপমানিত করেছেন। এসব হাস্যকর বক্তব্যের মাধ্যমে তিনি ইসলামের কি হেফাজত করতে চান আমাদের বোধ্যগম্য নয়।