জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বললেন, পত্রপত্রিকায় লেখা হচ্ছে আমার দলের কাজী জাফর আহমদ, মহাসচিব (এবিএম রুহুল আমিন হাওলাদার) ও আমার স্ত্রী (রওশন এরশাদ) বিএনপির সঙ্গে যাচ্ছে, আর আমার ভাই (জিএম কাদের), জিয়াউদ্দিন বাবলু ও ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ নাকি আওয়ামী লীগের সঙ্গে যাচ্ছে। এখন আমাকে এমন কথাও শুনতে হচ্ছে। কেউ আবার আমার কাছেই জানতে চায়- আমি কার সঙ্গে যাচ্ছি। এসব কথা কেন আসে? অন্যকোন দলে তো এমন কথা আসে না। এ কথা আর শুনতে চাই না। দলের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, যে যাই করেন, অন্তত আমাদের সম্মান যেন ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখুন।
গতকাল শুক্রবার রাজধানীর গুলশানে ‘ইমানুয়েলস সেন্টারে’ ঢাকা মহানগর (উত্তর) জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এরশাদ বলেন, রাজনীতি এখন একটা আবর্তে ঘুরপাক খাচ্ছে। কীভাবে যে এর শেষ হবে, কীভাবে নির্বাচন হবে, জানি না। আল্লাহর কাছে দোয়া করি, তুমি আমাদের রাজনীতির দ্বন্দ্ব দূর করো।
জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, বঙ্গবন্ধুর পর আর কোন নেতাকে এরশাদের মতো জুলুম-নির্যাতন সইতে হয়নি। জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোন দল ক্ষমতায় যেতে পারবে না। মহানগর উত্তর জাপার সভাপতি এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ। দলের প্রেসিডিয়াম সদস্য গোলাম হাবিব দুলাল, এসএমএম আলম, ফকির আশরাফ ও করিম উদ্দিন ভরসা, চেয়ারম্যানের উপদেষ্টা মীর আব্দুস সবুর আসুদ, যুগ্ম মহাসচিব এডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
