নৌকাযোগে আসা আর কোন শরণার্থীকে অস্ট্রেলিয়া আশ্রয় দেবে না। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড গতকাল শুক্রবার এ ঘোষণা দিয়ে বলেন, এদেরকে আর অস্ট্রেলিয়ায় বসবাসের সুযোগ দেয়া হবে না। খবর বিবিসির।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে নৌকায় করে আসা এরকম আশ্রয় প্রার্থীদের পাপুয়া নিউগিনিতে পাঠিয়ে দেয়া হবে। অস্ট্রেলিয়ার সঙ্গে পাপুয়া নিউগিনির এই মর্মে একটি চুক্তি হয়েছে। প্রধানমন্ত্রী কেভিন রাড বলেছেন, অস্ট্রেলিয়ার জন্য একটি শক্তিশালী সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা তার দায়িত্ব। তবে একইসঙ্গে আন্তর্জাতিক শরণার্থী সনদের বাধ্যবাধকতা তারা মেনে চলতে চান। পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী পিটার ও নিলের সঙ্গে যৌথভাবে তিনি গতকাল এই নতুন অভিবাসন নীতি ঘোষণা করেন।
