এপ্রোচ রোড না থাকায় দুর্ভোগ

আপডেট : ২০ জুলাই ২০১৩, ২১:১২
বাগেরহাট-চিতলমারী সড়কের পাঁচপাড়া এলাকায় সংযোগ সড়ক মেরামত না করায় সাধারণ মানুষ চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে। আর এজন্য কর্তৃপক্ষের উদাসীনতা ও অবহেলাকে দায়ী করছেন এলাকাবাসি। প্রায় দেড় মাস আগে কার্লভাটের কাজ শেষ হলেও এপ্রোচ সড়ক এখনও নির্মিত হয়নি। এ অবস্থায় কালভার্টের পার্শ্বে নির্মিত বিকল্প বাইপাস সড়ক বৃষ্টিতে কর্দমাক্ত হওয়ায় চরম বিপাকে পথচারীরা। সকল প্রকার যানবাহনও চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। ফলে চরম দুর্ভোগে চিতলমারী-মোল্লাহাট উপজেলার কয়েক হাজার মানুষ। জানা গেছে, বাগেরহাট থেকে চিতলমারীগামী বাসের সকল যাত্রীকে নামিয়ে দেয়া হচ্ছে। পাঁচপাড়া কালভার্টে এপ্রোচ সড়ক না থাকায় পার্শ্ববর্তী সংযোগ সড়ক দিয়ে চলছে যানবাহন। গত কয়েক সপ্তাহ ধরে এ অবস্থার ফলে ওই পথে চলাচলকারী সাধারণ মানুষ চরম বিড়ম্বনার শিকার হচ্ছে। স্থানীয় লোকজনের অভিযোগ কালভার্ট নির্মাণকারী ঠিকাদারসহ সড়ক ও জনপথ বিভাগের লোকজন কেউই কোন খোঁজ নেয় না।