নওগাঁর ৯০ভাগ বয়লার চালকল বন্ধ হয়ে গেছে। সরকারের মওসুমী ধান-চাল সংগ্রহও বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে।
জেলা জুড়ে শ্রমিক সংকট, হাটবাজারে ধানের আমদানি কম ও ধান-চালের মূল্যবৃদ্ধির দরুন এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নওগাঁ জেলা ধান-চাল মালিক সমিতির সভাপতি হাজী আব্দুল জব্বার ইত্তেফাককে জানান, মিলগুলিতে এখন চরম শ্রমিক সংকট চলছে। শ্রমিকরা এখন অধিক আয়ের আশায় প্রায় সবাই ঢাকামুখী হয়েছে। সেখানে তারা রিক্সা-ভ্যান চালানো ছাড়াও দিনমজুরির কাজে অধিক আয় হওয়ায় স্ত্রী-পুত্রসহ ঢাকায় ছুটছে।
এতে চালকলগুলিতে দেখা দিয়েছে তীব্র শ্রমিকসংকট। তার ওপর হাটবাজারে ধানের আমদানি খুবই কমে গেছে। দামও বেশি। প্রয়োজনীয় ধানও পাওয়া যাচ্ছে না। ফলে এখানে ১২শ’ চালকলের মধ্যে প্রায় ১ হাজার চালকল বন্ধ হয়ে গেছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রবিউল হাসান জানান, বাজারে ধান-চালের মূল্যবৃদ্ধির দরুন মিলাররা সরকারকে চাল দিচ্ছে না। সরকারি সংগ্রহমূল্য ও বাজারমূল্য এক্ষুণি সমান সমান দাঁড়িয়েছে। সরকারি সংগ্রহমূল্য ধান প্রতিকেজি ১৮.৫০টাকা ও চাল ২৯ টাকা কেজি। তিনি আরও জানান, ইতোমধ্যে ধান সংগ্রহ বন্ধ হয়ে গেছে। অন্যদিকে চুক্তিবদ্ধ প্রায় ৯শ’ মিলারের মধ্যে ২৮-৩০টি স্বয়ংক্রিয় মিলের মালিক ছাড়া বয়লার মিলগুলো চালের মূল্যবৃদ্ধির কারণে চাল বাজারেই বিক্রি করে দিচ্ছে।
