বান্দরবানের রাবার বাগানে ডাকাতি

আপডেট : ২০ জুলাই ২০১৩, ২১:১৩
বান্দরবানের বাইশারীতে রাবার বাগানে ডাকাতের হামলায় ৪ জন আহত এবং প্রহরাদারের স্ত্রী ধর্ষণের শিকার হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাতে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ছাগলখাইয়া এলাকায় সানজিদা রাবার বাগানে মুখোশ পরিহিত ৮/১০ জনের ডাকাত দল প্রহরাদার বাচের আলী জাফর আলমকে চোখ, হাত-পা বেঁধে মূল্যবান রাবারসহ প্রহরাদারের স্ত্রীকে ধরে নিয়ে যায়। পরে প্রহরাদারদের আর্তচিত্কারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের আহত অবস্থায় উদ্ধার করে। আহতরা হলেন- বাছের আলী (৪৫), জাফর আলম (৫০), শিশু কন্যা রোজিনা আক্তার এবং ধর্ষিতা। এদের মধ্যে তিনজনকে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষিতাকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা হয়েছে। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মামলার আলামত জব্দ করেছে।