সংবাদ সংক্ষেপ

আপডেট : ২০ জুলাই ২০১৩, ২১:১৭
নেত্রকোনায় শিক্ষার্থীদের মানববন্ধন নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা সরকারি কলেজের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ ইং শিক্ষাবর্ষের ননপ্রমোটেড শিক্ষার্থীদের ২য় বর্ষে ভর্তির সুযোগ ও ফলাফল পুনর্বিবেচনার দাবিতে শনিবার মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে নেত্রকোনা সরকারি কলেজের ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠিত এসব কর্মসূচিতে নেত্রকোনা সরকারি কলেজের কয়েকশ’ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। কসবায় দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ কসবা(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা \ শনিবার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কৈখলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। একজনকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও অন্যদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছে: আবদুর রহিম, আবদুর রৌফ, আবদুর জলিল, হিরন মিয়া ও আবদুল কাইয়ুম। এ ব্যাপারে কসবা থানায় পৃথক পৃথক মামলা হয়েছে। কুমারখালি পৌরসভায় মতবিনিময় সভা কুমারখালি কুষ্টিয়া সংবাদদাতা \ ১৮৬৯ সালের ১ এপ্রিল প্রতিষ্ঠিত কুষ্টিয়ার কুমারখালি পৌরসভা। পরিকল্পিত আধুনিক পৌরসভা গড়ার লক্ষ্যে শনিবার খসড়া মাস্টার প্ল্যান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুমারখালি পৌরসভার মেয়র মোঃ সামছুজ্জামান অরুন। আলোচনা করেন উপজেলা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্যাকেজ-১২’র টিম লিডার এসএম আবদুল্লাহ আল মামুন। সভায় পৌর কাউন্সিলর, সুধী মহল, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কুষ্টিয়ায় ভারতীয় মালামাল আটক মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়া বিজিবি সেক্টরের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক করা হয়েছে। শুক্রবার কুষ্টিয়া শেখপাড়া এলাকায় এ আটকের ঘটনাটি ঘটে। বিজিবি সূত্রে জানা যায়, ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক ওই এলাকা অতিক্রম করার সময় যশোর দক্ষিণ পশ্চিম রিজিয়নের কুষ্টিয়া সেক্টরের জিএসও টু মেজর নাহিদুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল মালামালসহ ট্রাকটিকে আটক করে। আটককৃত মালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি ৪ হাজার ৫শ’ পিস, ১ হাজার থ্রী-পিস, থান কাপড় ৭ হাজার ৮৪০ মিটার, ১ লাখ ৪০ হাজার পিস যৌন উত্তেজক সেনেগ্রা ট্যাবলেটসহ আরো কয়েকটি আমদানি নিষিদ্ধ ট্যাবলেট। শিবগঞ্জে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে গত শুক্রবার উপজেলা প্রশাসন ও ৯ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত উন্নয়ন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মুনজুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মোহাম্মদ শামসুদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ৯ বিজিবির অপস অফিসার মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন, শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ মোহাম্মদ কামরুল হুদা প্রমুখ। রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লার বৃক্ষরোপণ কুমিল্লা প্রতিনিধি \ ‘গাছ লাগিয়ে ভরবো দেশ, তৈরি করবো সুখের পরিবেশ’-এ শ্লোগানকে ধারণ করে রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় গত শুক্রবার। ক্লাবের সমাজ সেবা পরিচালক রোটা. মো. এমদাদুল হক ইয়াছিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার। বক্তব্য রাখেন লালমাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার, ক্লাব সভাপতি রোটা. মো. আজহারউদ্দিন, পিপি রোটা. ডা. জয়নাল আবেদীন জয়, আইপিপি রোটা. আবু সাঈদ বুলবুল, সচিব রোটা. বাবুল চন্দ দাস, যুগ্ম সচিব রোটা. আবুল হোসাইন প্রমুখ। উখিয়া উপবৃত্তির টাকা প্রদান উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা \ গত শুক্রবার রত্নাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপবৃত্তির টাকা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাহাবউদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. শাহজালাল চৌধুরী। লালপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা লালপুর (নাটোর) সংবাদদাতা \ গত শুক্রবার নাটোরের লালপুরে জিপিএ-৫ প্রাপ্ত ১০১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। লালপুর পাবলিক লাইব্রেরি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন পরাগ কৃতীদের হাতে পুরস্কার তুলে দেন। লালপুর শ্রী সুন্দরী পাইলট হাইস্কুল মিলনায়তনে পাবলিক লাইব্রেরির সভাপতি জালালউদ্দিন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, দেশবন্ধু গ্রুপের হেড অব মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং এহসানুল হক শামীম, সৌদি আরবের কিং খালিদ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক মাহমুদুল হক প্রমুখ। হোমনায় মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ গতকাল হোমনা উপজেলার শতভাগ হাইস্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান। ইউএনও মো. হেলাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম-উর-রহমান, উপজেলা চেয়ারম্যান জহিরুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আঃ মজিদ, জেলা শিক্ষা কর্মকর্তা আঃ রশীদ সরকার প্রমুখ। মুক্তাগাছায় ১০ বছর পর আওয়ামী লীগের সন্মেলন মুক্তাগাছা (ময়মনসিংহ)সংবাদদাতা \ মুক্তাগাছায় ১০ বছর পর অনুষ্ঠিত আওয়ামী লীগের ত্রিবার্ষিক সন্মেলনে মুক্তাগাছার এমপি কে এম খালেদ বাবু সভাপতি ও বিল্লাল হোসেন সরকার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শুক্রবার শহরের মুন সিনেমা হলে অনুষ্ঠিত সন্মেলনে প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ সদর আসনের এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। মির্জাপুরে গণপিটুনিতে চোর নিহত মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ মির্জাপুর উপজেলার সোহাগপাড়া গ্রামে চুরি করে পালানোর সময় গণপিটুনিতে এক চোর নিহত হয়েছে। গোড়াই ইউনিয়নের চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়া জানান, শুক্রবার রাতে সোহাগপাড়া গ্রামের মোঃ এসাক মিয়ার বাড়িতে চোর মালামাল লুটে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে তাদের ধাওয়া করে। আশপাশের লোকজন ছুটে এসে এক চোরকে ধরে ফেলে গণপিটুনি দেয়। আড়াইহাজার ও গোপালদী পৌরসভায় শপথ গোপালদীবাজার (নারায়ণগঞ্জ )সংবাদদাতা \ আগামী ২৯ জুলাই আড়াইহাজার ও গোপালদী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। গত শুক্রবার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম এটা নিশ্চিত করেছেন। তিনি জানান, ২টি পৌরসভার ২ জন মেয়র, ১৮ জন সাধারণ কাউন্সিলর ও ৬ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। ঢাকার সেগুণবাগিচায় বিভাগীয় কমিশনার এ.কে. এ সামসুদ্দিন আজাদ চৌধুরী শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন। রাঙ্গুনিয়ায় বৃক্ষ মেলা উদ্বোধন রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আয়োজনে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গত শুক্রবার রাঙ্গুনিয়ায় ৩ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা গণমিলনায়তন মাঠে আয়োজিত মেলার উদ্বোধন করেছেন বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। এ উপলক্ষে গণমিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব খলিলুর রহমান চৌধুরী, চট্টগ্রাম বন সংরক্ষক মোহাম্মদ আকবর হোসেন, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা বখতিয়ার নুর সিদ্দিকী, পোমরা বন চেক স্টেশন কর্মকর্তা মতিউর রহমান প্রমুখ। কিশোরগঞ্জে মহিলা পরিষদের মানববন্ধন কিশোরগঞ্জ প্রতিনিধি \ বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শফীর নারী-বিদ্বেষী বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখা। গতকাল শনিবার (২০ জুলাই) দুপুরে শহরের কালীবাড়ি সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো.আসাদউল্লাহ, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভুপেন্দ চন্দ্র ভৌমিক দোলন, সদর উপজেলা চেয়ারম্যান ডা. মো. আব্দুল হাই, অধ্যক্ষ প্রফেসর আশরাফউদ্দিন, অধ্যাপক শরীফ আহমদ সাদী, দৈনিক শতাব্দীর কণ্ঠের সম্পাদক আহমেদউল্লাহ, মহিলা পরিষদের সভানেত্রী সুলতানা রাজিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মায়া ভৌমিক, জাহানারা ইসলাম প্রমুখ। গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল শনিবার ভোরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহত ব্যক্তি পাঁচবিবি উপজেলার খাগড়াবাড়ী গ্রামের মৃত ছবেদ আলীর পুত্র আব্দুল কাফি (৬০)। হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের পান্থাপাড়া নামক স্থানে বগুড়াগামী বালুবোঝাই ট্রাক( ঢাকা মেট্রো-ট-১৪-৪৩০৬)-এর সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি মিনি ট্রাক (বগুড়া-ড-১১-১২৯৭) সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আব্দুল কাফি নিহত ও ৪ জন আহত হয়। বিরামপুরে উপবৃত্তির টাকা বিতরণ বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ বিরামপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সেকেন্ডারি এডুকেশন স্টাইপেন্ড প্রজেক্টের ২০১৩ সালের উপবৃত্তির প্রথম কিস্তির টাকা বিতরণ শুরু হয়েছে। গত শুক্রবার বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উপবৃত্তির টাকা বিতরণের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম, জিন্নাহ। এসময় উপজেলা একাডেমিক অফিসার রাশেদ আল মাহমুদ, প্রধান শিক্ষক রেজাউল আলম ও অন্য প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে প্রায় ৬ লাখ টাকা বিতরণ করা হয়। যশোরে ঘুষ নেয়ায় কারারক্ষী গ্রেফতার যশোর অফিস \ আড়াই লাখ টাকা ঘুষ নেয়ায় যশোর কেন্দ্রীয় কারাগারের রক্ষি সাইফুল ইসলাম (৩৩) আটক হয়েছে। সে চুয়াডাঙ্গা সদরের ভেকরুল গ্রামের আজিবর মোল্লার ছেলে। গত শুক্রবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, যশোর শহরের জেল রোডের রাজু আহমেদকে চাকরি দেয়ার কথা বলে সে আড়াই লাখ টাকা ঘুষ নিয়েছিল। গত শুক্রবার রাজুর মা রায়েবা খাতুন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় তাঁর বিরুদ্ধে মামলা করেন। দশমিনায় বিএনপির প্রতিবাদ সভা দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা \ পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গতকাল শনিবার দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রিয় বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, আঃ আলীম তালুকদার, প্রভাষক আমীনুল হক, এড. এনামুল হক রতন, মাসুদুর রহমান, মশিউর রহমান, কে.এম শামীম ও জসীম সর্দার প্রমুখ। তারাগঞ্জে ডিলাররা টিসিবির পণ্য তুলছেন না তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা \ তারাগঞ্জ উপজেলায় চলতি রমজান মাসে টিসিবির ডিলাররা পণ্যসামগ্রী উত্তোলন করেননি। জানা গেছে, রমজান মাসে পণ্যসামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার টিসিবির ডিলারের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্যসামগ্রী বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করে। এ লক্ষ্যে উপজেলায় ২ জন ডিলার নিয়োগ করা হলেও গতবছর ২ জন ডিলারের মধ্যে আলহাজ্ব আব্দুল হাই টিসিবির মাল উত্তোলন করলেও এবারে তিনিও এখন পর্যন্ত টিসিবির কোন মাল উত্তোলন করেননি। পবিত্র মাহে রমজানে ডিলাররা মাল উত্তোলন না করায় বাজারে পণ্যসামগ্রীর দাম অস্বাভাবিকহারে বৃদ্ধি পাচ্ছে। সোনাতলায় স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন সোনাতলা (বগুড়া) সংবাদদাতা \ গত শুক্রবার সোনাতলার আচারেরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পাকুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহফুজার রহমান শিপলুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এ্যাড. মিনহাদুজ্জামান লিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাকুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমারত আলী, সাবেক সভাপতি জুলফিকার রহমান টিটো, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। শেষে হেলালউদ্দিনকে আহ্বায়ক, মোশাররফ হোসেন ও নান্নু মিয়াকে যুগ্ম আহ্বায়ক করে মোট ২১ সদস্যবিশিষ্ট পাকুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।