আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক বলেছেন, মানবতা বিরোধী অপরাধে অপরাধীদের বিচার করার জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বিতর্কিত করার চেষ্টা করছে বিএনপি। তিনি বলেন, ‘৬টি রায় ঘোষণার পরও বিএনপি নীরব। রায় নিয়ে তারা কোন প্রতিক্রিয়া দেয়নি। কিন্তু কোন কোন নেতা রায়কে প্রত্যাখ্যান করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে বিতর্কিত এবং যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার চেষ্টা করছে।’
এস এ মালেক শনিবার কলাবাগানস্থ বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। যুদ্ধাপরাধীদের বিচারের রায় নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতেই বঙ্গবন্ধু পরিষদ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
বিএনপি ক্ষমতায় এলে বিচার বন্ধ করে দিয়ে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের মুক্ত করে দেবে এমন আশংকা প্রকাশ করে এস এ মালেক বলেন, বিচার বন্ধ করার জন্য তারা অনেক চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে। তাই তারা যদি কোনভাবে ক্ষমতায় আসে তাহলে যুদ্ধাপরাধীদের মুক্ত করবেই।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ড. আব্দুল খালেক ও এডভোকেট সৈয়দ রেজাউর রহমান, ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মাহবুব উদ্দিন বীরবিক্রম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস ছালাম, সাংবাদিক সফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
