‘দক্ষিণ এশিয়ায় নির্বাচনী রাজনীতি ও তার সমস্যা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেছেন, নিশ্চিত পরাজয় এড়াতে ক্ষমতাসীন সরকার ২০২১ সাল পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চায়। অন্যদিকে বিরোধী দল ক্ষমতায় যেতে তত্ত্বাবধায়ক সরকারের দাবির পাশাপাশি ক্ষমতাসীনদের অধীনে নির্বাচনে না যাওয়া ঘোষণা দিয়েছে। ফলে নির্বাচনকালীন সময় নিয়ে আস্থা ও বিশ্বাসের সংকট সৃষ্টি হয়েছে। এই অবস্থার উত্তরণের একমাত্র পথ পারস্পারিক আলাপ-আলোচনা। শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্ছে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সেন্টার ফর স্ট্র্যাটেজিক এন্ড পিস স্টাডিজ (সিএসপিএস) এই আলোচনা সভার আয়োজন করে।
সিএসপিএসের চেয়ারম্যান সাবেক সচিব শাহ আব্দুল হান্নানের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আব্দুল লতিফ মাসুম। আলোচক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ড. হাসান মোহাম্মদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ড. পিয়াস করিম, নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দীন, গ্রীন ওয়াচের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, এডভোকেট ফেরদৌস আক্তার ওয়াহিদা, ব্যারিস্টার বেলায়েত হোসেন, এডভোকেট তাজুল ইসলাম প্রমুখ।
