আবারো পানি বেড়েছে পঞ্চগড়ের নদ-নদীতে

আপডেট : ২০ জুলাই ২০১৩, ২৩:০৩
উজান থেকে আসা পাহাড়ী ঢলে পঞ্চগড় জেলার ওপর দিয়ে প্রবাহিত সকল নদ-নদীর পানি আবারো বৃদ্ধি পেয়েছে। এতে করে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আশ্রয়হীন হয়েছে কয়েক হাজার মানুষ। এসব মানুষ পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। পঞ্চগড় পৌরসভায় ৫টি আশ্রয়কেন্দ খোলা হয়েছে। তাদের শুকনা খাবার ও খিচুড়ি দেয়া হচ্ছে। বন্যার রেশ না কাটতেই আবারো নদীর পানি বৃদ্ধি পেয়ে চরম দুর্ভোগে পড়েছে পঞ্চগড়ের নদীর তীরবর্তী এলাকায় বসবাসরত মানুষেরা। আশ্রয়কেন্দ থেকে বাড়ি ফেরার এক সপ্তাহের মধ্যে তাদের আবারো আসতে হয়েছে আশ্রয়কেন্দে । অতিরিক্ত বৃষ্টিপাত না হলেও গত বুধবার থেকে বাড়তে থাকে নদীর পানি, যা গতকাল পর্যন্ত অব্যাহত ছিল। এতে করে রামেরডাঙ্গা, খালাপাড়া, নিমনগর, পুরাতন পঞ্চগড়সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যাদুর্গত লোকজনদের জন্য ৫টি আশ্রয়কেন্দ খোলা হয়েছে। তবে এখন পর্যন্ত সরকারিভাবে কোন সাহায্য পাওয়া যায়নি বলে তারা জানিয়েছে। পৌর মেয়র মো. তৌহিদুল ইসলাম জানান, নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণেই এই বন্যার সৃষ্টি হয়েছে। ৫টি আশ্রয়কেন্দ খোলা হয়েছে। পৌর কর্তৃপক্ষের সহায়তায় তাদের সহযোগিতা করা হচ্ছে। এখন পর্যন্ত সরকারি কোন সাহায্য মেলেনি। তিনি জানান, এই মাসের শুরুতে আকস্মিক বন্যায় পৌর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সরকারিভাবে মাত্র ১৫ টন চাল বরাদ্দ দেয়া হয়েছিল। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে এই মাসের শুরুর দিকে পঞ্চগড়ে ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে আটোয়ারী, বোদা, দেবীগঞ্জ ও সদর উপজেলার হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বন্যা দুর্গতদের জন্য সরকারি সহায়তা হিসেবে ২শ টন চাল বিলি করা হয়। সরকারি হিসেবে এই বন্যায় এক হাজার কাঁচা ঘরবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ও দেড় হাজার বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ ও সংস্কারের জন্য এখন পর্যন্ত কোন সাহায্য মেলেনি। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, হঠাত্ করে নদীর পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বাড়িঘর তলিয়ে গেছে। ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সরকারি সহায়তার জন্য মন্ত্রণালয়ে চিঠি দেয়া হবে। এর আগের বন্যায় বাড়িঘর নির্মাণ ও পুনঃনির্মাণের ব্যাপারে তিনি বলেন, এখন পর্যন্ত সরকারি বরাদ্দ পাওয়া যায়নি। আগের বরাদ্দ পাওয়া ৫ লাখ টাকা দিয়ে যথাসম্ভব সহায়তা করা হচ্ছে।