যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রেভন মার্টিন নামে এক কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করে হত্যা মামলায় হত্যাকারী শ্বেতাঙ্গ খালাস পাওয়ার পর যুক্তরাষ্ট্রে ব্যাপক বিক্ষোভ চলছে। আর এ বিষয়ে প্রথম মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, ৩৫ বছর আগে আমারও ট্রেভনের পরিণতি হতে পারতো। খবর বিবিসির।
২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি শ্বেতাঙ্গ জিম্যারম্যানের (২৯) গুলিতে নিহত হন ১৭ বছর বয়সী নিরস্ত্র কৃষ্ণাঙ্গ কিশোর ট্রেভন। তবে পুলিশের চাকরি প্রত্যাশী ও স্বেচ্ছাসেবী প্রহরী হিসেবে কর্মরত জিম্যারম্যানের দাবি, ট্রেভনের হামলা থেকে নিজেকে বাঁচাতেই তাকে গুলি করেন তিনি। আইনজীবীরা দাবি করেন, জিম্যারম্যান নিরস্ত্র কিশোর ট্রেভনকে অযৌক্তিকভাবে হত্যা করেন। এক অনির্ধারিত সংবাদ সম্মেলনে আফ্রো-আমেরিকান বংশোদ্ভূত ওবামা বলেন, যুক্তরাষ্ট্রে খুব কম কৃষ্ণাঙ্গ আছেন যাদের বর্ণবাদী বৈষম্যের অভিজ্ঞতা নেই। বিচারকদের দেয়া রায়ের ব্যাপারে অবশ্য কোনো মন্তব্য করেননি ওবামা। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ ব্যক্তিরা পৃথক আইনি সেবা পান।
