সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা শনিবার ধর্মঘটের ডাক দিয়ে ২ ঘণ্টা ক্লাস বর্জন করে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। দিনের প্রথম দিকে কিছুটা বিশৃঙ্খলা দেখা দিলেও পরে স্বাভাবিক ক্লাস চলে বলে কর্তৃপক্ষ দাবি করেন। ইতিপূর্বে পুলিশের হাতে আটক চার ছাত্রের মুক্তির দাবিতে তারা ধর্মঘটের ডাক দেয়।
শিক্ষার্থীদের অভিযোগ, গত ১৬ ও ১৭ জুলাই কোতোয়ালি থানা পুলিশ বিনা ওয়ারেন্টে তাদের চার ছাত্রকে আটক করে রাজনৈতিক মামলায় অভিযুক্ত করে জেল-হাজতে পাঠায়। আটককৃতরা হলেন আইন বিভাগের ফাহিম ও কিবরীয়া এবং ব্যবসা প্রশাসন বিভাগের শিহাব ও ইমরান।
পুলিশের এ ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাধারণ শিক্ষার্থীরা। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে বিপথগামী কিছু ছাত্র কতিপয় শিক্ষকের ইন্ধনে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে ক্যাম্পাস অচল করে দেয়ার ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্রের সাথে সংশ্লিষ্ট ছাত্র-শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠক হয়। বৈঠকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামীম আহমদ, ভিসি সুশান্ত কুমার দাস, বিভিন্ন বিভাগের ডিন ও প্রধানরা উপস্থিত ছিলেন। ক্যাম্পাসে ছাত্র ধর্মঘট চলাকালে বিক্ষোভ প্রদর্শন ও ক্যাম্পাসের সামনে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়।
