ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ৩৫ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে আওয়ামী লীগ সমর্থিত নীল দল। নির্বাচনে ৩৫টি আসনের মধ্যে নীল দল পেয়েছে ২৭টি এবং বিএনপি সমর্থিত সাদা দল পেয়েছে মাত্র ৮টি আসন। নির্বাচনে মোট ১৪১৪টি ভোটের মধ্যে ভোট পড়ে ১২৮৫টি। সবচেয়ে বেশি ভোট পেয়ে বিজয় লাভ করেছেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদউদ্দিন আহমেদ। তিনি ৭৭৪টি ভোট পেয়েছেন। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত নির্বাচনে নীল দল এ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন। নির্বাচনের ফলাফলে পরাজিত প্রার্থীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
নির্বাচনে নীল দলের জয়ী প্রার্থীরা হলেন:ড. আ ক ম জামালউদ্দিন, অধ্যাপক ড. আ ব ম ফারুক, অধ্যাপক ড. আবু জাফর মোহাম্মদ শফিউল আলম ভুঁইয়া, অধ্যাপক ড. আবুল বারাকাত, অধ্যাপক ড. আশফাক হোসেন, ড. ইশতিয়াক মঈন সৈয়দ, অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, অধ্যাপক ড. চন্দ নাথ পোদ্দার, অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী, অধ্যাপক ড. তোফায়েল আহমেদ চৌধুরী, অধ্যাপক ড. নাজমা শাহিন, অধ্যাপক ড. পাপিয়া হক, অধ্যাপক ড. ফরিদউদ্দিন আহমেদ, অধ্যাপক ড. বিমান চন্দ বড়ুয়া, অধ্যাপক ড. মুবিনা খোন্দকার, অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, অধ্যাপক মো. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ, অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ, অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান, অধ্যাপক ড. মো. নিজমুল হক ভুঁইয়া, অধ্যাপক ড. মো. হাসিবুর রশিদ, অধ্যাপক ড. মো. শিবলী রুবাইয়াতুল ইমলাম, অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান, অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য।
অন্যদিকে সাদা দলের বিজয়ী প্রার্থীরা হলেন:অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক ড. মামুন আহমেদ, অধ্যাপক ড. সদরুল আমিন, অধ্যাপক ড. লুত্ফর রহমান, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. আবুল হাসনাত, অধ্যাপক ড. ইয়ারুল কবির, অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম।
নীল দলের কয়েকজন শিক্ষক বলেন, সিটি নির্বাচনগুলোতে আওয়ামী লীগের পরাজয়ে আমরা অনেকটাই হাতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু সিনেট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আগামী নির্বাচনের একধাপ পার করেছেন বলে তারা মনে করছেন। অন্যদিকে ব্যাপক ভরাডুবির কারণে বিএনপি সমর্থিত সাদা দলের শিক্ষকরা আশাহত হয়ে পড়েছেন।
এ বিষয়ে ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদউদ্দিন আহমেদ বলেন, সুষ্ঠু নির্বাচনে ভোটাররা উপযুক্ত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। জাতীয় নির্বাচনে এই বিজয়ের একটা প্রভাব পড়তে পারে বলে তিনি মন্তব্য করেন।
এ ব্যাপারে সাদা দলের শিক্ষক অধ্যাপক ড. মামুন আহমেদ অভিযোগ করে বলেন, বিগত বছরগুলোতে দলীয় শিক্ষক নিয়োগের ফলে এরকম হয়েছে।
এ বিষয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। এখানে কোন ধরনের দলীয়করণ করা হয়নি।
