মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অপরাধে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরুর দাবি জানানো হয়েছে। ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’ নামের সংগঠনের পক্ষে দেশের বিশিষ্টজনরা এ দাবি জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে তারা এ দাবি জানান। মৌলিকভাবে অন্যান্য দেশের মত বাংলাদেশের রাজনীতিতেও যুদ্ধাপরাধী দলের রাজনীতি করারও অধিকার থাকা উচিত নয় বলে মনে করছে এ সংগঠনটি।
অধ্যাপক সালাহ্্উদ্দিন আহমেদ, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক এ এম হারুন অর রশিদ, ড. আকবর আলী খান, কাইয়ুম চৌধুরী বিবৃতিতে স্বাক্ষর করেন। এছাড়াও সৈয়দ শামছুল হক, অ্যাডভোকেট সুলতানা কামাল, ডা. সারওয়ার আলী, ড. শাহদীন মালিক, অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত, সৈয়দ মনজুরুল ইসলামসহ অনেকেই ওই বিবৃতিতে স্বাক্ষর করেন।
বিবৃতিতে বলা হয়, মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত সংশ্লিষ্ট ছয়জন শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীর বিরুদ্ধে আন্তর্জাতিক অবরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেছে। একইসঙ্গে চারটি রায়ে গণহত্যা, ধ্বংসযজ্ঞ, ধর্ষণ ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীকে অপরাধী সংগঠন হিসেবে অভিযুক্ত করেছে। এ রায়ের আলোকে নিষিদ্ধ এ সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ গ্রহণ করা যেতে পারে।
