৫২ বছর পর নিখোঁজ নারীর সন্ধান

আপডেট : ২০ জুলাই ২০১৩, ২৩:১১
কানাডার পশ্চিম প্রান্ত ইউকোনে ১৯৬১ সালের সেপ্টেম্বর মাসে নিখোঁজ হওয়া এক মহিলাকে ৫২ বছর পর আবার ইউকোনে দেখা গেছে। তিনি নিখোঁজ হওয়ার পর পুলিশ ধারণা করেছিল যে তার স্বামী তাকে হত্যা করেছেন। শুক্রবার পুলিশ জানায়, তিনি ইউকোনে নতুন সংসার পেতেছেন। ব্রিটিশ কলাম্বিয়ার সারেতে বাস করার সময় লুসি জনসন নামের ওই মহিলার এক প্রতিবেশী তাকে শেষবারের মতো দেখেন। লুসির বয়স এখন ৭৭ বছর। খবর এএফপির। লুসির নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে পুলিশ তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করে এবং এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালায়। স্ত্রী নিখোঁজ হবার চার বছর পর তিনি এ ব্যাপারে পুলিশে খবর দেন। তদন্ত কর্মকর্তারা লুসির ব্যাপারে কোন সূত্র পাওয়ার আশায় তার বাড়ির পেছনের উঠান খোঁড়ে। কিন্তু তার ভাগ্যে কি ঘটেছে তা জানতে পারেনি। ধীরে ধীরে বিষয়টি চাপা পড়ে যায়। লুসির স্বামী মারভিন ১৯৯০ এর দশকের শেষ দিকে মারা যান। গত মাসে সারে পুলিশ লুসির নিখোঁজ হবার ব্যাপারে নতুন কোন সূত্র খুঁজে পাবার আশায় রুটিন অনুযায়ী বিষয়টি নিয়ে পুনরায় কাজ শুরু করে। লুসির মেয়ে লিন্ডা ব্রিটিশ কলাম্বিয়া পত্রিকায় একটি বিজ্ঞাপন দেয়। এর কয়েক দিন পরেই লিন্ডার এক সত্ বোন রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশকে (আরসিএমপি) ফোন করেন। তিনি লিন্ডাকে জানান যে, তাদের মা এখন ইউকোনে বাস করছেন। লুসি কেন কাউকে কিছু না জানিয়ে তার স্বামী সন্তান ছেড়ে চলে গিয়েছিলেন তা জানতে তদন্ত কর্মকর্তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন।