ভ্রমণ পিপাসুদের জন্য ময়মনসিংহ জেলা হতে পারে একটি দর্শনীয় ও আর্কষণীয় পর্যটন এলাকা। এ জেলায় বেড়াতে আসলে দেখতে পাবেন বিভিন্ন জমিদারদের প্রাচীন বাড়ী, জয়নুল আবেদীন সংগ্রহশালার নানা চিত্রকর্ম, ব্রহ্মপুত্র নদ, পুরোনো ঐতিহ্যবাহী উপকরণের যাদুঘর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বোটানিকেল গার্ডেন, জার্ম প্লাজম সেন্টার, কৃষি মিউজিয়াম, ফিস মিউজিয়াম, আদিবাসীদের কৃষ্টি ও কালচার, মুক্তাগাছা জমিদার বাড়ী, ভালুকায় বেসরকারিভাবে গড়ে উঠেছে হোটেল তেপান্তর প্রিন্সেস, ট্রি টপ চাইনিজ রেস্টুরেন্ট, তেপান্তর ফিড চিকেন, তেপান্তর ফিল্ম সিটি।
২শত ২৫ বছরের পুরোনো ও বৃহত্ জেলা হচ্ছে ময়মনসিংহ। এখানে রয়েছে জমিদারদের ঐতিহ্যবাহী পুরোনো অনেক বাড়ি। এগুলো হচ্ছে শশীলজ (মুক্তাগাছার জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরীর বসতবাড়ি, বর্তমানে মহিলা টিচার্স ট্রেনিং কলেজ), জমিদারদের নিমিথ কাঠের তৈরি গৌরিপুর লজ (বর্তমানে সোনালী ব্যাংকের বাংলো), আলেকজান্ডার ক্যাসেল (মুক্তাগাছা জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরীর জুবলী উত্সব পালনের জন্য নির্মিত হয় এটি), হাসান মঞ্জিল (ধনবাড়ি জমিদারবাড়ি, বর্তমানে ডায়াবেটিক হাসপাতালের জন্য প্রস্তাবিত স্থান), ধলা জমিদারের বাড়ি (ধনবাড়ি জমিদারবাড়ির বিপরীতে অবস্থিত), তাজভাঙ্গা হাউজ (বর্তমানে মিন্টু কলেজ), চাকলাদার হাউজ (বর্তমানে হোমিও কলেজ), রাম গোপালপুর জমিদারবাড়ি (কালীবাড়ি রোড়ে সরকারি কর্মচারীদের আবাসস্থল), অঘোর বন্ধু গুহের বাড়ি (বর্তমানে ময়মনসিংহ কলেজ), মদন বাবুর বাড়ি (সরকারি যাদুঘর হিসেবে বর্তমানে ব্যবহূত হচ্ছে), মসুয়ার জমিদার বাড়ি (হরিকিশোর রায়ের বাড়ি, দুর্লভ ভবন)। এছাড়াও গৌরিপুরের বীরঙ্গনা সখিনার মাজার, দুর্গাবাড়ি মন্দির, রামকৃষ্ণ মন্দির, মুক্তাগাছার শিব মন্দির, মহারাজা রোড়ে কানাই-বালাই মন্দির, কোতুয়ালী থানার পার্শ্বে শিব মন্দিরসহ একাধিক জমিদার বাড়িতে গড়ে উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান/মন্দির/ উপসানালয়। শিক্ষা প্রতিষ্ঠানের আধিক্যের কারণে ময়মনসিংহকে শিক্ষানগরী বলা হয়। ১২শত ৩০ একরের মনোরম পরিবেশ বেষ্টিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এ ক্যাম্পাসেই রয়েছে বেড়ানোর মতো বোটানিকেল গার্ডেন, জার্ম প্লাজম সেন্টার, কৃষি মিউজিয়াম, ফিশ মিউজিয়াম, মত্স্য গবেষণা ইন্সটিটিউট, বাংলাদেশ পরমাণু গবেষণা ইন্সটিটিউট, কেবি স্কুল এন্ড কলেজসহ নানা প্রতিষ্ঠান। একমাত্র বোটানিকেল গার্ডেন-এ প্রবেশমূল্য ৫ টাকা নেয়া হয়। আর কোথাও কোন ফি নেয়া হয় না। এ ছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজ, আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ, পুরুষ ও মহিলা চিচার্স ট্রেনিং কলেজসহ অনেক গুরুত্বপূর্ন দর্শনীয় স্থান রয়েছে।
