ঈদে মিক্সড অ্যালবামে ইরিন জামান

আপডেট : ২১ জুলাই ২০১৩, ২১:২৯
অভিনেত্রী, কণ্ঠশিল্পী ইরিন জামান তার নিয়মিত অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাতেও সপ্রতিভ থেকেছেন সবসময়। তবে নতুন করে এবারের ঈদে একটি মিশ্র অ্যালবামে গান গাইলেন। পাশাপাশি কিছু গান তৈরি করছেন একেবারে নতুন ঢঙে এসময়ের ক’জন মিউজিক কম্পোজারের সাথে। এবারের ঈদে সেলিব্রেটি সাউন্ডল্যাবের প্রযোজনায় প্রকাশিত ‘অমিয়সুধা’ অ্যালবামটিতে গান করেছেন ইরিন জামান। ‘তোর লাগি নিশি জাগি, পরাণে পরাণ বাঁধি, তবু কেন সাধ মেটে না’ এমন কথায় একটি রিদমিক গান করেছেন এই অ্যালবামে। দীর্ঘদিন পর ইরিন জামান আবারও নতুন কোনো গানে ফেরা প্রসঙ্গে বলেন, ‘আসলে পুরো বিষয়টিই এখনও কোনো পরিকল্পনা নিয়ে নয়। একটু একটু করেই করছি, নিজের ইচ্ছেমতো। কাউকে তেমন কিছু জানানোরও পরিকল্পনা ছিল না। আমি চাই ভালো কাজের ভেতরেই সবাই জানুক। ঈদে ‘অমিয়সুধা’ অ্যালবামে একটি ডিফরেন্ট ট্র্যাকে গেয়েছি। আশা করি শ্রোতা-দর্শকদের কাছে গানটি ভালো লাগবে।’ উল্লেখ্য, অ্যালবামের গানটি ছাড়াও এবারের ঈদে বেশ কিছু অনুষ্ঠান, কিছু নাটক ও রমজান উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন তিনি।