বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কর্তৃপক্ষের চরম উদাসীনতায় হাজার হাজার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী চরম বিপাকে পড়েছে। ইতিহাস পরীক্ষার আর মাত্র ৫/৬ দিন বাকি থাকলেও শিক্ষার্থীরা এখনও বই চোখে দেখেনি। সূত্র জানায়, আগামী ২৬ জুলাই ইতিহাস পরীক্ষা অনুষ্ঠিত হবে। নীলফামারী জেলার ৫টি কেন্দ্রে ৬ শতাধিক পরীক্ষার্থী রয়েছে। পরীক্ষার্থীরা অভিযোগে বলেন, গত ১৯ জুলাই অনুষ্ঠিত পৌরনীতি পরীক্ষার বই তারা পেয়েছেন পরীক্ষার মাত্র ৩/৪ দিন আগে। এ অবস্থায় বই পড়ে পরীক্ষা দেয়ার চেয়ে বই দেখে লেখার প্রতি ঝুঁকছেন বাউবির পরীক্ষার্থীরা। সূত্র জানায়, রংপুর অঞ্চলেই প্রায় ৫ হাজার পরীক্ষার্থী রয়েছে। এব্যাপারে রংপুরস্থ আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি। অভিযোগ উঠেছে, সময়মতো বাউবি কর্তৃপক্ষ বই সরবরাহ না করায় পরীক্ষা কেন্দ্রগুলোতে ব্যাপক নকলের ঘটনা ঘটছে। এ ব্যাপারে বাউবির উপ-পরিচালক শাখাওয়াত হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বই বিতরণের বিষয়টি দেখভাল করেন না বলে জানান।
