নান্দাইল ও শিবগঞ্জে বড় ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট : ২১ জুলাই ২০১৩, ২১:৩৬
ময়মনসিংহের নান্দাইল ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। খবর সংবাদদাতাদের। নান্দাইল (ময়মনসিংহ) উপজেলার সুন্দাইল গ্রামে শনিবার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই ও তার ছেলেদের উপর্যুপরি অস্ত্রের আঘাতে খুন হয়েছে আবু বক্কর সিদ্দিক নামে এক ব্যক্তি। জানা যায়, দীর্ঘদিন ধরে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বড় ভাই হাফিজউদ্দিন ও ছোট ভাই আবু বক্কর সিদ্দিকের মধ্যে বিরোধসহ মামলা-মোকদ্দমা চলে আসছিল। এর জের ধরে শনিবার সকালে ছোট ভাই তার মালিকানার জমিতে গেলে বড় ভাই ও তার দুই ছেলে মিলে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় ভাতিজা রফিকুল তার হাতে থাকা ধারালো দা দিয়ে চাচাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে অপর ভাতিজা ইসলাম ও বড়ভাই লাঠি দিয়ে আবু বক্কর সিদ্দিককে পিটিয়ে মৃত মনে করে ফেলে যায়। আহত আবু বক্কর সিদ্দিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) উপজেলার পারকালুপুর গ্রামে শনিবার সন্ধ্যায় বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন আব্দুল মোমিন (৩৫) নামে এক ব্যক্তি। নিহত মোমিন পারকালুপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ধ্যায় মোমিনের সঙ্গে তার বড় ভাই আবু সুফিয়ানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুফিয়ান ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন মোমিন। হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। ঘটনার পর আবু সুফিয়ান পালিয়ে যান।