জোট সরকারের সময় দেশে বাংলা ভাইয়ের সৃষ্টি হয়েছিল

আপডেট : ২১ জুলাই ২০১৩, ২১:৩৮
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, তাদের সময়ে দেশে জঙ্গীবাদ, বাংলা ভাইয়ের সৃষ্টি হয়েছিল। গত শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আরইআরএমপি শীর্ষক প্রকল্প সমাপ্তি এবং প্রকল্পভুক্ত মহিলা কর্মীদের সঞ্চয় হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা চেয়ারম্যান রবিউল আলম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তৃতা করেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরীফ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. খায়রুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া, সম্পাদক শাহ আকরাম হোসেন জাফর, মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আশিকুর রহমান রনি প্রমুখ। মন্ত্রী সুবিধাভোগী নারীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সঞ্চিত ৭১ হাজার টাকার সদ্ব্যবহার করবেন। উপজেলার সুবিধাভোগী ১শ’ ৫৭ জন নারীকে জনপ্রতি ৭১ হাজার টাকার চেক প্রদান করেন। উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৬৮ জন দুস্থদের জনপ্রতি রিলিফের ১ বাণ্ডিল ঢেউটিন এবং ৩ হাজার টাকার চেক হস্তান্তর করেন। মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপজেলার মুন্সী নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, উজানী-রাহুথড় রাস্তা নির্মাণ কাজ, মহিষতলী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, ঠোলনারপাড় প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।