দুই কার্যদিবস দর পতনের পর গতকাল রবিবার আবারও শেয়ারবাজারে বড় ধরনের দর পতন হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। বড় দর পতনের ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরনো সূচক অর্থাত্ সাধারণ মূল্য সূচক সাড়ে চার হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে। আর ডিএসই’র ব্রড সূচক চার হাজার ৯০ পয়েন্টে নেমে এসেছে।
তথ্যে দেখা গেছে, ডিএসইতে গতকাল লেনদেন আগের দিনের তুলনায় প্রায় ২৮ দশমিক ৭৭ শতাংশ কমেছে। এদিনও লেনদেন হয়েছে জ্বালানি খাতকে ঘিরে। এ খাতের লেনদেন হয়েছে ১৮১ কোটি টাকা। যা বাজারের মোট লেনদেনের প্রায় ৩০ ভাগ। এছাড়া টেলিকমিউনিকেশন খাতেরও লেনদেন হয়েছে মোট লেনদেনের প্রায় ১৩ শতাংশ।
আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, বড় মূলধনের কোম্পানিগুলোর দরপতনের ফলে বাজারে বড় দর পতন হয়েছে। তাছাড়া বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেয়ার প্রবণতাও ছিল। বিশ্লেষণে আরও বলা হয়েছে, কোম্পানিভিত্তিক দর পতন ছিল উল্লেখযোগ্য। লেনদেনকৃত ২৮৮টি কোম্পানির মধ্যে ৯৩টি কোম্পানির দর পতন হয়েছে ৪ শতাংশেরও বেশি।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ১৩৩ পয়েন্ট কমে ৪ হাজার ৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক ১৬৩ পয়েন্ট কমে ৪ হাজার ৪০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬০৬ কোটি ৯১ লাখ ২২ হাজার ৪৩৬ টাকা ৮৫২। যা আগের দিনের চেয়ে ২৪৫ কোটি ১০ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৮৮ টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৪১ টির, কমেছে ২২৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ টি কোম্পানির শেয়ারের।
