জয় দিয়ে গার্দিওলার ‘বায়ার্ন-যাত্রা’ শুরু

আপডেট : ২১ জুলাই ২০১৩, ২২:০২
পেপ গার্দিওলার কোচিং স্টাইলের সাথে নাকি বায়ার্ন মিউনিখের খেলার ধরন একেবারেই যায় না—প্রথম ম্যাচে দারুণ এক জয় দিয়ে সমালোচকদের এমন কথাকে বাতাসে মিলিয়ে দিলেন সাবেক এই বার্সেলোনা কোচ। গত শনিবার প্রাক মৌসুম প্রস্তুতিমূলক টেলেকম কাপে বায়ার্ন মিউনিখ ৪-০ গোলে পরাজিত করে হ্যামবুর্গকে। এই জয় দিয়ে ফাইনালে পৌঁছে গেল দলটি। তবে এমন জয়ের পরও সংবাদ সম্মেলনে এসে ম্যাচ ছাপিয়ে মুখ্য হয়ে উঠলো টিটো ভিলানোভার পদত্যাগ। আর তাতে টিটোর প্রতি শুভেচ্ছার কথাই জানালেন গার্দিওলা। গার্দিওলা বলেন, ‘আমি যা বলতে চাই সেটা জার্মান ভাষায় আমার পক্ষে বলা সহজ নয়। টিটো আমার বন্ধ,ু আর আমি তাকে কাজ করতে দেখতে ভালবাসি। আমি প্রতিটি মুহূর্ত তাকে ও তার পরিবারকে সমর্থন যোগাতে চাই। যেকোন বিপদই আসুক না কেন আমি তাদের পাশে আছি। এটা আমার জন্য সত্যি অনেক কঠিন এক মুহূর্ত।’ বায়ার্ন মিউনিখের হয়ে গোল করেন জেরেমি বোয়েটাং, মারিও মানজুকিচ, টনি ক্রুস ও থমাস মুলার। এর আগে একইদিনই বরুশিয়া ডর্টমুন্ডকে ১-০ গোলে পরাজিত করে বরুশিয়া মনশেনগ্ল্যাডব্যাচ। গতকাল রাতেই বায়ার্ন আর মনশেনগ্ল্যাডব্যাচের ফাইনাল হবার কথা।