ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক কর্মকর্তা হারুন লরগাতকে প্রধান নির্বাহী (সিইও) নিয়োগ দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। সিএসএ শনিবার এক বিবৃতির মাধ্যমে তাদের নতুন সিইও হিসাবে লরগাতকে নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করে।
সিএসএ সভাপতি ক্রিস নেনজানি লরগাতের নিয়োগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘সকল প্রার্থীর যোগ্যতা ছিল ব্যতিক্রমধর্মী। এই গুরুত্বপূর্ণ কাজটি সফলভাবে শেষ করার জন্য সাব-কমিটি এবং বোর্ডের সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই।’
কিন্তু লরগাতকে এ পদে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দেখতে চায় না বলে ইতোপূর্বে খবর বেড়িয়েছিল। তাই লরগাতকে এ পদে নিয়োগ দেয়ায় বিসিসিআইর সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনকি ভারতীয় দলের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর বাতিল হতে পারে বলেও গুঞ্জন রয়েছে। -বাসস
