রাজধানীর শাহবাগে গতকাল রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের সঙ্গে আজিজ সুপার মার্কেটের দোকান কর্মচারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা আসিফ রায়হান নামে এক দোকানদারকে পিটিয়ে জখম করেছে। ঘটনার প্রতিবাদে আজিজ সুপার মার্কেটের দোকানদাররা সড়ক অবরোধ করে ১০/১২টি গাড়ি ভাংচুর করেছে।
পুলিশ জানায়, চারুকলা অনুষদের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে লাঞ্ছিত করার জের ধরে ঘটনার সূত্রপাত। শনিবার সন্ধ্যায় ঐ ছাত্রী আজিজ সুপার মার্কেটের একটি দোকানে একটি জামার দাম নিয়ে দোকান কর্মচারী আসিফ রায়হানের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আসিফ ঐ ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। বিষয়টি ঐ ছাত্রী তার সহপাঠীদের জানালে রবিবার দুপুরে চারুকলার ৪০ থেকে ৫০ শিক্ষার্থী আজিজ সুপার মার্কেটে আসে। তারা ঐ দোকানে গিয়ে আসিফ রায়হানকে উঠিয়ে চারুকলা মাঠে নিয়ে যায়। এ সময় মার্কেটের দোকানদারদের সঙ্গে শিক্ষার্থীদের এক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
দুপুর দুইটার দিকে আজিজ মার্কেটে গুজব রটে যে, আসিফ রায়হানকে তুলে নিয়ে ছাত্ররা হত্যা করেছে। এতে দোকান কর্মচারীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে কয়েকটি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ গেলে পুলিশের সঙ্গে দোকান কর্মচারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে চারুকলা অনুষদের শিক্ষার্থীরাও অংশ নেন। পরে উভয়পক্ষকে পুলিশ বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আসিফ রায়হানকে চারুকলা অনুষদের মাঠ থেকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
