বাড্ডায় মাছ ব্যবসায়ী গুলিবিদ্ধ, যাত্রাবাড়ীতে ছাত্রের কবজি কর্তন

আপডেট : ২১ জুলাই ২০১৩, ২২:০৬
রাজধানীর বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে মাছ ব্যবসায়ী রোমান শেখ (২৫) আহত হয়েছেন। অন্যদিকে, যাত্রাবাড়ীর ধলপুরে প্রতিবেশীর সঙ্গে তুচ্ছ ঘটনার জের ধরে এক কলেজ ছাত্রের কবজি কেটে ফেলা হয়েছে। বাড্ডা থানার ওসি ইকবাল হাসান জানান, রবিবার সকালে পশ্চিম মেরুলের ১২/১২ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। পশ্চিম মেরুলের গোপালগঞ্জ মত্স্য আড়তের মাছ ব্যবসায়ী রোমান শেখ সকালে মাছ বিক্রি করে বাসায় ফিরেন। বাসায় তার মাছ বিক্রির টাকা গণনার সময় স্থানীয় সন্ত্রাসী সাদ্দামের নেতৃত্বে ৪/৫ জন অস্ত্রধারী যুবক ঘরে প্রবেশ করে। সন্ত্রাসীরা রোমান শেখের কাছ থেকে ৫৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় রোমান শেখ বাধা দিলে তার বাম উরুতে এক রাউন্ড গুলি করা হয়। ঘটনার পর আহত মাছ ব্যবসায়ীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে যাত্রাবাড়ীর ধলপুরে কলেজ ছাত্র মনোহরের বাম কবজি তারই প্রতিপক্ষরা কেটে নিয়েছে। গতকাল বিকালে ধলপুরের ১৪ নম্বর গলির বাসায় এ ঘটনা ঘটে। আহত মনোহর জানান, পূর্ব শত্রুতার জের ধরে সোহাগসহ ৪-৫ জন তার বাসায় ঢুকে হামলা চালায়। এসময় তিনি বাধা দিলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাতে আঘাত করে। ঘটনাস্থলেই তার বাম কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।