জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হেতু সরকারিভাবে ইতোপূর্বে রাক্ষুসে পিরানহা মাছের চাষ। কেনা-বেচা বিপণন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এ মাছের ক্ষতিকর ও নিষিদ্ধের বিষয়টি শিক্ষিত মহলের অনেকের জানা থাকলেও সাধারণ মানুষ অনেকেই তা জানে না।
এ সুযোগে প্রতারক শ্রেণির মানুষেরা গোপনে পুকুর-জলাশয়ে রাক্ষুসে পিরানহা মাছের চাষ করে, তা গ্রামীণ হাটবাজারে অবাধে থাই রূপচান্দা বলে বিক্রি হয়। দেখতে অনেকটা রূপচাঁদা মাছের মতো হলেও এই মাছ চেনার সহজ উপায় হচ্ছে এর মুখ হাঁ করালে মুখে মানুষের মতন দাঁত দেখা যাবে। শুধু গ্রামে নয়, মীরসরাই পৌর সদরের বাজারেও মাঝেমধ্যে পিরানহা মাছ বিক্রি হতে দেখা যায় এবং মীরসরাই-এর হোটেল-রেস্তোরাঁয় ‘থাই রূপচান্দা’ বা অন্য কোনো নামে পিরানহা মাছ মানুষকে খাওয়ানোর কথা প্রায়শ শোনা যায়।
বিষয়টি ওপেনসিক্রেট হলেও স্থানীয় উপজেলা মত্স্য কর্মকর্তাসহ দায়িত্বশীল প্রশাসন রহস্যজনকভাবে নীরবতা পালন করছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসন ও নির্বাচিত মেয়র এবং চেয়ারম্যান মেম্বারদের দৃষ্টি আকর্ষণ করছি।
জনৈক নাগরিক
