সালাহউদ্দিন কাদেরের ৫৯ ডকুমেন্ট নথিভুক্তের নির্দেশ ট্রাইব্যুনালের

আপডেট : ২১ জুলাই ২০১৩, ২৩:১৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী এমপির শিক্ষা সনদসহ ৫৯টি ডকুমেন্ট আমলে নিয়ে তা নথিভুক্ত করেছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল রবিবার এ সংক্রান্ত আদেশ দেন। একই সঙ্গে সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাফাই সাক্ষ্য দেয়ার জন্য আগামী ২৩ জুলাই দিন ধার্য রেখেছে ট্রাইব্যুনাল। ওইদিন চতুর্থ সাক্ষী হিসেবে বিশিষ্ট শিল্পপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমান সাক্ষ্য দেবেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম। এর আগে সকালে সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে তৃতীয় সাফাই সাক্ষী এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য কাইয়ুম রেজা চৌধুরীকে জেরা করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন। জেরার জবাবে কাইয়ুম রেজা বলেন, আমি সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষ নেয়ার জন্য ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসিনি। সত্য প্রতিষ্ঠা করতেই আমি নিজে সাক্ষ্য দিতে এখানে এসেছি। সাক্ষ্যে বা জবানবন্দিতে আমি যা বলেছি তা ‘শতভাগ’ সত্য। এদিকে শিক্ষা সনদসহ ৫৯টি ডকুমেন্ট ট্রাইব্যুনালের আমলে নেয়ার জন্য গত সপ্তাহে আবেদন জানান সালাহউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলাম। আবেদনে ১৯৭১ সালের আগস্ট মাসে পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সালাহউদ্দিন কাদের চৌধুরীর পরীক্ষা দেয়া সংক্রান্ত প্রত্যয়নপত্র, ফিজির আমেরিকান দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ ওসমান সিদ্দিকী কর্তৃক দেয়া প্রত্যয়নপত্র (যে পত্রে ১৯৭১ সালের মার্চ মাসের শেষের দিকে একই ফ্লাইটে তাদের দেশ ত্যাগের কথা উল্লেখ করা হয়েছে)সহ বিভিন্ন ডকুমেন্ট রয়েছে। গতকাল এসব ডকুমেন্ট আমলে নেয়ার আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। আবেদনের বিরোধিতা করে প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও আমলে নেয়ার পক্ষে ব্যারিস্টার ফখরুল ইসলাম শুনানি করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে এসব ডকুমেন্ট আমলে নিয়ে তা নথিভুক্ত করার নির্দেশ দেন। শুনানিকালে সালাহউদ্দিন কাদের ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।