রাসায়নিক তদন্ত রিপোর্ট

বিহারে স্কুলে কীটনাশক মেশানো খাবার খেয়েই ২৩ শিশুর মৃত্যু

আপডেট : ২১ জুলাই ২০১৩, ২৩:১৬
ভারতের বিহার রাজ্যের একটি স্কুলে বিনামূল্যে সরবরাহ করা খাবারে কীটনাশক মেশানো ছিল। প্রাথমিক রাসায়নিক পরীক্ষার প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। ওই খাবার খেয়ে গত মঙ্গলবার ২৩ শিশুর মৃত্যু হয়। এদিকে দুপুরে খাবারের মান সম্পর্কে বিস্তারিত একটি নোটিস আকারে লিখে স্কুলের দেয়ালে টানানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার। খবর এনডিটিভির। গত শনিবার রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর কীটনাশক থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বিহারের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা রবীন্দ্র কুমার। শিশুদের মৃত্যুর পর বিহারজুড়ে প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিহারের প্রাদেশিক রাজধানী পাটনা থেকে ৬০ কিলোমিটার দূরে ছাপড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষক্রিয়ায় আক্রান্ত আরো ২০ শিশু এখানো হাসপাতালে চিকিত্সাধীন। পুলিশ কর্মকর্তা জানান, রাসায়নিক পরীক্ষার প্রতিবেদনে তরকারিতে ব্যবহূত তেলে মনোক্রোটোফোস মেশানো ছিল বলে প্রমাণ পাওয়া গেছে। ফসফরাস দিয়ে তৈরি এ রাসায়নিকটি কৃষি জমিতে পোকামাকড় ধ্বংস করার কাজে ব্যবহার করা হয়। শিশুদের পুষ্টিহীনতা দূর করতে ও স্কুলে উপস্থিতি বাড়াতে ভারত জুড়ে দুপুরে খাবার দেয়ার এই কর্মসূচি চালু করেছে সরকার। দুপুরের খাবার প্রকল্পের পরিচালক আর লক্ষ্মণান জানান, খাবারের পুষ্টিগুণ সম্পর্কে সবাইকে জানানো হবে এবং খাদ্যকে পুষ্টিগুণ সমৃদ্ধ করতে খাদ্য বিশেষজ্ঞ নিয়োগ করা হবে।