প্রতিবেশির ওপর দোষ চাপাতে নিজেকে মারধর!

আপডেট : ২১ জুলাই ২০১৩, ২৩:১৯
অনেকে অনেক সময় নিজের অজান্তেই বিপদ ডেকে আনে। আবার কেউ ইচ্ছা করেও নিজের বিপদ টেনে আনে। এজন্যই প্রবাদ আছে খাল কেটে কুমির আনা। অর্থাত্ নিজেই নিজের মৃত্যু ডেকে আনা। আর সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এই ধরনের একটি কান্ড করে বসেছে যুক্তরাষ্ট্রের আলাস্কার এক নাগরিক। খবর ইউপিআই ডট কমের। আলাস্কার ফেয়ারব্যাঙ্কসের বাসিন্দা টনি জেসিন (৫০) নিরাপত্তার জন্য গত ১৪ জুলাই পুলিশের ৯১১ নম্বরে কল করে এবং জানায় সে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তার এক প্রতিবেশী তাকে মারধর করেছে। পুলিশ খবর পেয়ে দ্রুত ছুটে আসে। পুলিশের জননিরাপত্তা মুখপাত্র মেগান পিটারস জানান, পুলিশ টনিকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু সে তাকে প্রতিবেশী কর্তৃক মারধরের বিষয়ে যথেষ্ট প্রমাণ দিতে ব্যর্থ হয়। এক পর্যায়ে সে স্বীকার করে যে, সে নিজেই নিজের মুখে ঘুষি মেরেছে। এর পেছনে কারণ হিসেবে জানা যায়, তার এক প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। ওই বিরোধের জন্য সে প্রতিবেশীকে ফাঁসানোর চেষ্টা করে। পুলিশ জানিয়েছে, মিথ্যা তথ্য দেয়ার জন্য টনিকে গ্রেফতার করা হয়েছে।