পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে সহিংসতা, এক সপ্তাহে নিহত ১৩’

আপডেট : ২১ জুলাই ২০১৩, ২৩:১৯
ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে সহিংসতায় এক সপ্তাহে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। পাঁচ পর্যায়ের এই নির্বাচনের এখনো দুই পর্যায় বাকি আছে। নির্বাচনকে ঘিরে প্রকাশ্যে বোমাবাজি, অগ্নিসংযোগ, অস্ত্রপ্রদর্শন হয়েছে। বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। পশ্চিমবঙ্গে যে কোন নির্বাচনের পর এই সহিংসতার চিত্র দেখা যায়। এবারও পঞ্চায়েত নির্বাচন নিয়ে সহিংসতা অব্যাহত আছে। গতকাল রবিবার মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের তিন সমর্থক নিহত হয়েছে। এখানে আজ সোমবার ভোট গ্রহণ করা হবে। গতকাল দক্ষিণ ২৪ পরগনা জেলায় বামফ্রন্ট সমর্থিত শতাধিক লোকের বাড়িতে আগুন দেয়া হয়েছে। সব অভিযোগ রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তবে তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। খবর এনডিটিভির। গতকাল মুর্শিদাবাদে বোমা হামলায় কংগ্রেসের তিন সমর্থক নিহত হয়। আগের দিনও এই জেলায় দুইজন নিহত হয়। তাদের একজন কংগ্রেস ও অন্যজন সিপিআই-এম সমর্থক। আজ সোমবার চতুর্থ পর্যায়ে মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া ও মালদায় নির্বাচন হচ্ছে। গত শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় সংঘর্ষে তিনজন নিহত হয়। ১১ জুলাই শুরু হওয়া এই নির্বাচন শেষ হবে ২৪ জুলাই। ২৯ জুলাই ভোট গণনা করা হবে।