সাতক্ষীরাসহ খুলনা বিভাগের ১০ জেলায় আবারও পরিবহন ধর্মঘট

আপডেট : ২১ জুলাই ২০১৩, ২৩:২২
পরিবহন শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি ও হাইওয়ে পুলিশের বেপরোয়া চাঁদাবাজি বন্ধের দাবিতে গতকাল রবিবার সকাল থেকে আবারও পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সাতক্ষীরাসহ খুলনা বিভাগের ১০ জেলার সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও পরিবহন মালিক সমিতি। জেলা পরিবহন মালিক সমিতি সূত্রে জানা যায়, হাইওয়ে পুলিশের বেপরোয়া চাঁদাবাজি, দৌলতদিয়া-কাওড়াকান্দি ফেরিঘাটে ফেরি পারাপারে পিআইডব্লিউ কর্তৃপক্ষের অনিয়ম ও বেশি ভাড়া আদায়, গাড়ি প্রতি এক থেকে দুই হাজার টাকা ইজারাদার কর্তৃক বাধ্যতামূলক আদায়ের প্রতিবাদে ও পরিবহন শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে পরিবহন মালিক ও শ্রমিক ফেডারেশন যৌথভাবে এ অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। এদিকে, ঢাকাগামী পরিবহন ধর্মঘটের কারণে যাত্রীসাধারণের দুর্ভোগ চরমে উঠেছে। সাতক্ষীরা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মশিউর রহমান জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী দূরপাল্লার কয়েকটি পরিবহন ও ট্রাক রবিবার সকালে যশোরে পৌঁছালে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ তাদের গাড়ি চলাচলে বাধা দেয়। ফলে আবারও ধর্মঘটের কবলে পড়েছে সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার ঢাকাগামী যাত্রীরা।