পাকিস্তানের বন্দর নগরী করাচিতে শনিবার রাতে দুটি পৃথক বোমা বিস্ফোরণে চারজন নিহত ও অপর সাতজন আহত হয়েছে। ঈসা নাগরী এলাকার একটি সরকারি কার্যালয় লক্ষ্য করে প্রথম বোমা হামলাটি চালানো হয়। এতে এক পুলিশ কর্মকর্তা নিহত ও কর্মকর্তাসহ সাত ব্যক্তি আহত হয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নাসির লোদি এএফপিকে বলেন, ‘বোমাটি একটি মোটরসাইকেলে পেতে রাখা হয়েছিল বলে ধারণ করা হচ্ছে। এই ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত ও সাত ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’ কয়েক মিনিট পর শহরের পাতিল পাড়া এলাকার একটি বাড়িতে দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয়। এতে তিনজন নিহত হয়েছে।
