দিনভর ওঠানামার পর শেয়ারবাজারের সূচক কমেছে

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২১:০৭
দিনভর ওঠানামার পর গতকাল সোমবার শেষ পর্যন্ত শেয়ারবাজারের সূচক ও লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। এ নিয়ে টানা চার কার্যদিবস শেয়ারবাজারের সূচক কমলো। বাজার সংশ্লিষ্টরা বলছেন, হঠাত্ করে কোনো কারণ ছাড়াই বাজারে কয়েকদিন ধরে বড় ধরনের দরপতন ইতিবাচক নয়। তার সঙ্গে লেনদেনের পরিমাণও অনেক কমে গেছে। হাজার কোটি টাকার লেনদেন থেকে ৫ শ’ কোটি টাকার নিচে চলে এসেছে। এতে বাজার সম্পর্কে বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা দেখা দিতে পারে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৩৫ পয়েন্ট কমে ৪ হাজার ৫৪ পয়েন্টে নেমে এসেছে। সাধারণ মূল্যসূচক ৪৬ পয়েন্ট কমে ৪ হাজার ৩৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩২ কোটি ৭৮ লাখ ২৫ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ১৭৪ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৮৮টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের। এদিকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ৬ দিন বন্ধ থাকবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গতকাল ডিএসই’র বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ৬ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। এ ৬ দিন ডিএসই’র লেনদেন ও সকল কার্যক্রম বন্ধ থাকবে। এরপর আগামী ১২ আগস্ট থেকে আগের নিয়মে সকাল সাড়ে ১০টা থেকে আড়াইটা পর্যন্ত ডিএসই’র লেনদেন হবে।