মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের কুঠিপাড়ার বৃদ্ধ মফিজুদ্দিনকে হত্যার দায় স্বীকার করেছে মরহুমের ২য় স্ত্রী মর্জিনা খাতুন। মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ২য় স্ত্রী মর্জিনা খাতুন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বৈজন্ত বিশ্বাস ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।
জবানবন্দিতে মর্জিনা জানায়, শুক্রবার ভোর রাতে সেহেরি খেয়ে সে তার প্রেমিক একই পাড়ার বাবর আলীর ছেলে মাতমের সহযোগিতায় বৃদ্ধ স্বামী মফিজউদ্দিনকে শ্বাসরোধ করে হত্যা করে। ১৬ বছর বিবাহিত জীবনে মফিজউদ্দিনের সংসারে সে মা হতে পারেনি। প্রতিবেশী মাতমের স্ত্রী ২ সন্তান রেখে মারা গেলে প্রায় ৩ মাস আগে মাতমের সাথে তার সম্পর্ক গড়ে উঠে। মাতম তাকে বিয়ে করবে বলে চাপ দিতে থাকে। পথের কাঁটা সরাতে মাতমের পরামর্শে ঘটনার রাতে মর্জিনা তার বৃদ্ধ স্বামী মফিজুদ্দিনের ২ হাত চেপে ধরে আর তার প্রেমিক মাতম মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। সকালে মর্জিনা তার স্বামী মারা যাওয়া ভুয়া খবর প্রতিবেশীদের জানায়। ঘটনার পর থেকে মাতম গা ঢাকা দেয়। পুলিশ তাকে খুঁজছে।
