এমপি রনির শাস্তি দাবিতে গলাচিপায় সংবাদ সম্মেলন

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২২:০৯
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য গোলাম মাওলা রনি ইনডিপেন্ডেন্ট টিভি চ্যানেলের দুই সাংবাদিককে প্রহারের ঘটনাকে দুঃখজনক আখ্যায়িত করে তাঁর শাস্তির দাবি জানিয়েছে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের একাংশ। গত রবিবার দুপুরে গলাচিপা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হারুন-অর- রশিদ বলেন, রাজধানীতে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের মারধর করার ঘটনার মধ্যদিয়ে তাঁর স্ব-রূপ উদঘাটিত হয়েছে। আমরা গত জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের কাছে তাঁর হয়ে ভোট চেয়েছি, এলাকাবাসী ভোট দিয়ে তাঁকে সাংসদ নির্বাচিত করেছেন। এখন তাঁর এ ধরনের কর্মকাণ্ডের জন্য এলাকাবাসীসহ দেশবাসীর কাছে আমরা ক্ষমা চাচ্ছি। পাশাপাশি এ ঘটনার জন্য তাঁর শাস্তি দাবি করছি। এ সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সন্তোষ কুমার দে, উপদেষ্টামণ্ডলীর সদস্য মুঃ শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক সরদার মোঃ শাহ আলম, মোঃ শামসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। রনি সমর্থকদের পক্ষে মিছিল এদিকে গতকাল রবিবার বেলা ১১টার দিকে গোলাম মাওলা রনি এমপি সমর্থকরা গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তার পক্ষে শহরে বিক্ষেভ মিছিল বের করে। মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষণ করে বটতলায় এসে শেষ হয়।