নীলফামারীতে ৪৬৭টি স্কুল জাতীয়করণ হলো

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২২:১০
নীলফামারী জেলার ৬টি উপজেলায় মোট ৪৬৭টি বেসরকারি রেজিঃ প্রাথমিক বিদ্যালয়কে এমপিওভুক্ত বা সরকারিকরণ করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। ওয়েবসাইট থেকে প্রজ্ঞাপনটি হাতে পেয়ে শি্ক্ষকদের মাঝে আনন্দ-উল্লাস ও মিষ্টিমুখ করতে দেখা গেছে। জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ৯ জানুয়ারি শিক্ষক মহাসমাবেশে এমপিওভুক্ত বেসরকারি রেজিষ্টার্ড বিদ্যালয় সরকারিকরণের ঘোষণা দিয়েছিলেন। তাঁর এই ঘোষণার আলোকে ইতোপূর্বে রংপুর ছাড়া ৬টি বিভাগের সরকারিকরণের প্রজ্ঞাপন জারি করা হয়। শেষ পর্যায়ে রংপুর বিভাগের ৪ হাজার ৩০২টি এমপিওভুক্ত রেজিষ্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়েছে। এ নিয়ে দেশের ৭টি বিভাগে মোট ২২ হাজার ৯৮১টি বেসরকারি রেজিষ্টার্ড সরকারিকরণ করা হলো। গত জানুয়ারি থেকে বিদ্যালয়ের শিক্ষকরা এই সুবিধা ভোগ করতে পারবেন। প্রজ্ঞাপন অনুযায়ী বিদ্যালয়ের জমি, ভবন ও নগদ অর্থসহ সকল স্থাবর-অস্থাবর সম্পদ সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে। বিলুপ্ত হবে বর্তমান ম্যানেজিং কমিটি। নীলফামারী প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার ডোমার উপজেলায় ৭২টি, সদর উপজেলায় ৭৭টি, সৈয়দপুর উপজেলায় ১৫টি, ডিমলা উপজেলায় ৯৯টি, জলঢাকা উপজেলায় ১১৭টি ও কিশোরীগঞ্জ উপজেলায় ৮৩টি প্রতিষ্ঠান প্রথম ধাপে সরকারিকরণ করা হয়। বাকি প্রতিষ্ঠানসমূহ ধাপে ধাপে সরকারিকরণ করা হবে বলে জানা গেছে।