মহিলা ক্লাব কাপে শুকতারার সেঞ্চুরি

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২২:২১
বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে সেঞ্চুরি অত্যন্ত বিরল একটা ব্যাপার হয়ে আছে। মহিলা ক্লাব কাপ ক্রিকেটের পঞ্চম আসরে গতকাল দেখা মিললো এবারের টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি। মোহামেডানের হয়ে সেই সেঞ্চুরি করলেন শুকতারা রহমান; স্বভাবতই এবারের টুর্নামেন্টে এটি প্রথম সেঞ্চুরি। আর শুকতারর সেঞ্চুরি ও সালমার ফিফটিতে ভর করে গতকাল নিজেদের অসামান্য রেকর্ড অক্ষুণ্ন রেখে আবারও ফাইনালে চলে গেল মোহামেডান। টানা পঞ্চম ফাইনাল খেলার পথে গতকাল সেমিফাইনালে ২১৩ রানে হারিয়েছে তারা দিপালী ক্লাবকে। এদিকে দিনের অন্য সেমিফাইনালে সিটি ক্লাব মাঠে গুলশান ইয়ুথ ক্লাবকে ৬১ রানে হারিয়ে ফাইনালে গেছে শেখ জামাল ধানমন্ডি ক্রীড়াচক্র। আগামীকাল ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামের ফাইনালে মুখোমুখি হবে মোহামেডান ও শেখ জামাল। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৪০ ওভারে ২৭৫ রানের পাহাড় সমান পুঁজি গড়ে ফেলেছিল মোহামেডান। এই পুঁজিটা এসেছে মূলত দুই খেলোয়াড় শুকতারা ও সালমার ব্যাটে ভর করে। শুকতারা ৮৯ বলে ১১টি চার ও ৪টি ছক্কায় সাজানো ১০৭ রানের ইনিংস খেলেন। সঙ্গে সালমা ৬৭ বলে করেন ৭৮ রান। দিপালীর হেনা ৩টি ও নিগার ২টি উইকেট নিলেও মোহামেডানের ইনিংসে তেমন কোনো প্রভাব পড়েনি। জবাব দিতে নেমে মহাবিপর্যয়ে পড়ে দিপালী ক্লাব। ৩৬.২ ওভারে মাত্র ৬২ রানে অলআউট হয় তারা। এখানেও দু’ জন বোলার শেষ করে দেন দিপালীকে। সাথিরা জাকির ১৬ রানে নেন ৫টি উইকেট। আর রুমানা মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। দিনের অন্য ম্যাচটা অবশ্য এতোটা একতরফা হয়নি। গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৪০ ওভারে ৯ উইকেটে ১৪৭ রান তুলতে পেরেছিল শেখ জামাল। তাদের লতা মন্ডল ৩৩ ও জাহানারা আলম করেন ৩২ রান। গুলশানের সোহেলী ৪৫ রানে নেন ৫ উইকেট। জবাব দিতে নেমে ২৯.৩ ওভারে ৮৬ রানে অলআউট হয়ে যায় গুলশান। পিংকি ও শায়লা ২টি করে এবং লতা একটি উইকেট নেন।