বিশ্বকাপের প্রস্তুতিতে ঢাকায় দুই আইসিসি কর্মকর্তা

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২২:২৩
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত পৌঁছাতে আয়োজক বাংলাদেশকে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক পরীক্ষা দিতে হবে। তাই বলে বিশ্বকাপের প্রশাসনিক ব্যাপার স্যাপার তো আর থেমে থাকতে পারে না। তাই গতকাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুই কর্মকর্তা বিশ্বকাপের বাণিজ্যিক কিছু ব্যাপার খতিয়ে দেখতে পৌঁছেছেন ঢাকায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি উচ্চ পর্যায়ের সূত্র নিশ্চিত করেছে এই সফরের কথা। সূত্রটি বলেছে, ‘এটা একেবারেই রুটিন সফর। এই সফরে ওনারা বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বগুলো নিয়ে কাজ করবেন। বলা যায়, কিছু পেপারওয়ার্ক করবেন।’ অবশ্য আইসিসি এই দলের আসার খবরে একটা গুঞ্জন তৈরি হয়েছিল যে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটের (আকসু) দল এসেছে বুঝি। কিন্তু বিসিবি বলেছে, এই কর্মকর্তাদের আসার সঙ্গে আকসু রিপোর্টের কোনো সম্পর্ক নেই। আকসু রিপোর্ট তারা আগস্টের প্রথম সপ্তাহের কোনো এক সময়ে আশা করছেন।