নির্দ্বিধায় বলা যায়, এ দেশের ছোট পর্দার সবচেয়ে চাহিদাসম্পন্ন নায়িকা জয়া আহসান। এ ছাড়াও হাঁটি হাঁটি পা পা করে তিনি চলচ্চিত্রে এগোচ্ছেন নিজস্ব ছন্দে। নিজের ক্যারিয়ারে সব সময় মায়ের আদেশ-নির্দেশকে শিরোধার্য মেনেছেন তিনি। তার মতে, ‘মা-ই আমার সব। তার পরামর্শ মেনেই আমি এতদূর এসেছি।’
জয়া খুব ধীরে হলেও নাটক থেকে নিজের ‘নাট্যাভিনেত্রী’ তকমাটা সরিয়ে ফেলতে চান। কলকাতায় সম্প্রতি একটি চলচ্চিত্রে অভিনয় করেও বেশ সুনাম অর্জন করেছেন। সম্প্রতি নিজের নামে ওয়েব সাইট খুলেছেন। তবে ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরই দুর্ভাগ্যজনকভাবে ব্রাউজিং লিমিট অতিক্রম করায় তা সচল থাকতে ব্যাহত হয়। এটি মূলত জয়ার ব্যক্তিগত ও চলচ্চিত্রের ক্যাম্পেইনের কাজেই ব্যবহার করার নিমিত্তেই খোলা হয়েছে।
জয়ার কথায়, ‘ব্যক্তিগতভাবে আমি নিজেও মিডিয়া থেকে খানিক দূরে সরেই থাকতে চাই সব সময়। কিন্তু সময়ের প্রয়োজনে আমার ছবি ও অন্যান্য সবকিছু হাতের নাগালে পাওয়ার জন্যই এই চেষ্টা।’
তবে সব কিছু মিলিয়ে জয়ার টার্গেট মূলত কমার্শিয়াল চলচ্চিত্র। যা এখনও অধরা। কারণ কমার্শিয়াল চলচ্চিত্রে এখনও তেমন নিয়মিত পর্দা উপস্থিতি ঘটেনি তার। দেখা যাক গুণী এই অভিনেত্রী তার আরাধ্য জগতে কতটা সফল হতে পারেন। সেটিই হয়তো তার নতুন চলচ্চিত্র মুক্তি পেলেই স্পষ্ট হবে।’
পাশের ছবিতে মায়ের সাথে জয়া আহসানের একান্ত মুহূর্ত।
