সায়েন্সফিকশন ও হরর অ্যাডভেঞ্চার ছবি ‘দ্য স্টোরি অফ সামারা’তে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন সিবা ও সাঞ্জু। সিবা আগে থেকেই র্যাম্পে হাঁটছেন। বেশ কয়েকটি টিভি নাটকেও তিনি অভিনয় করেছেন। ‘দ্য স্টোরি অব সামারা’র মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করছেন। অন্যদিকে সাঞ্জু মিস্টার বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন ২০০৯ সালে। এই চলচ্চিত্রের মাধ্যমেই তিনি বড় কাজ করতে যাচ্ছেন। ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানিজ পরিচালক রিকিয়া মাসুদো। ‘দ্য স্টোরি অব সামারা’য় অভিনয়ের অনুভূতি জানাতে গিয়ে সিবা বলেন, ‘চলচ্চিত্র অনেক বড় মাধ্যম। এর আগে আমি অনেকদিন র্যাম্পে হেঁটেছি। কিছু নাটকেও অভিনয় করেছি। কিন্তু এসবই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তুতি। নিজেকে এখন প্রস্তুত মনে হচ্ছে আমার। আশা করছি এই ছবির মাধ্যমে আমার চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন সফল হবে।’ সাঞ্জুর সঙ্গে জুটি হিসেবে অভিনয়কে তিনি ইতিবাচকভাবে দেখছেন। সিবা বলেন, ‘সাঞ্জু মিস্টার বাংলাদেশ প্রতিযোগিতার বিজয়ী। দর্শকের কাছে ইতোমধ্যেই তিনি পরিচিতি পেয়েছেন। এই ছবির মাধ্যমে আমাদেও জুটি দর্শক ভালোভাবে গ্রহণ করবে বলে আশা করছি।’ একই প্রসঙ্গে সাঞ্জু বলেন, ‘ভিন্ন টাইপের একটা গল্পের চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ভালো করার। আর সিবার মিডিয়া অঙ্গনের অভিজ্ঞতা আমাদের জুটি হিসেবে সফল করার জন্য ইতিবাচক হিসেবে কাজ করবে। আমাদের জুটিকে দর্শক ভালোভাবে নেবে বলে প্রত্যাশা করছি।’ ‘দ্য স্টোরি অব সামারা’য় আরও অভিনয় করছেন—এটিএম শামসুজ্জামান, আলীরাজ, কাবিলা, আমান খান, শিমুল খান, পিয়া প্রমুখ শিল্পীরা। আগস্টের মধ্যে এর শুটিং শেষ করার কথা জানালেন পরিচালক।
