দৌলতপুরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

আপডেট : ২৩ জুলাই ২০১৩, ২১:০৮
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আদাবাড়িয়া বাজারপাড়া এলাকায় ছাপাতন্নেছাকে (৪৮) শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী। পুলিশ স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আব্দুল জাব্বারকে গ্রেফতার করে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, আদাবাড়িয়া বাজারপাড়া এলাকার আব্দুল জাব্বার তার পঞ্চম স্ত্রী ২ সন্তানের জননী ছাপাতন্নেছাকে পারিবারিক কলহের জের ধরে গতকাল মঙ্গলবার ভোরে লাঠি দিয়ে পিটিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করে বাড়ি সংলগ্ন জনৈক কাশেমের বাঁশ বাগানে ফেলে রাখে। সকালে এলাকাবাসী সেখানে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এরপর পুলিশ স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আব্দুল জাব্বারকে গ্রেফতার করে। নিহতের ভাই আনারুল বাদী হয়ে থানায় মামলা করেছে। দৌলতপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাব্বার জানিয়েছে, তার পঞ্চম স্ত্রীর কাছ থেকে মাঝে-মধ্যে সে টাকা-পয়সা নিত। এদিন তার স্ত্রী টাকা দিতে অস্বীকার করায় এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।