ইরাকে কারাগারে হামলায় ৫শ বন্দীর পলায়ন, নিহত ৫৬

আপডেট : ২৩ জুলাই ২০১৩, ২১:২৫
ইরাকের কুখ্যাত আবু গারিব ও তাজি কারাগারে বন্দুকধারীদের হামলার পর সেখান থেকে চার শীর্ষ আল কায়েদা নেতাসহ কমপক্ষে ৫শ’ কয়েদি পালিয়ে গেছে। ভয়াবহ ওই হামলায় নিহতের সংখ্যা ৫৬ জনে দাঁড়িয়েছে। সোমবার দেশটির নিরাপত্তা কর্মকর্তারা এ খবর জানান। সূত্র জানায়, রবিবার রাতে বাগদাদের উত্তরে অবস্থিত তাজি ও পশ্চিমে আবু গারিব কারাগারে একদল বন্দুকধারী প্রথমে রকেট চালিত গ্রেনেড ও মর্টার দিয়ে হামলা চালায়। এরপর কারাগার দুটির ফটকের সামনে চারটি আত্মঘাতি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনার পর নিরাপত্তা রক্ষীরাও পাল্টা হামলা চালায়। উভয় পক্ষের মধ্যে দীর্ঘ সময় গুলি বিনিময়ের পর বহু লোক হতাহত হয়। নিহতদের মধ্যে ২৬ জন নিরাপত্তা কর্মী, ২০ জন কয়েদি ও ১০ জন হামলাকারী রয়েছে। হামলা শুরু হওয়ার পরপরই কয়েদিদের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়ে। পরিস্থিতির ভয়াবহ অবস্থায় সুযোগ বুঝে শত শত কয়েদি এ সময় পালিয়ে যায়। দেশটির ঊর্ধ্বতন আইনপ্রণেতা হাকিম আল জামিলি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, শুধু আবু গারিব কারাগার থেকে কমপক্ষে ৫শ’ বন্দী পালিয়ে গেছে। এদের মধ্যে অধিকাংশই জঙ্গি সংগঠন আল-কায়েদার সিনিয়র সদস্য ও অনেকের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, এটা বলার অপেক্ষা রাখে না যে হামলাকারীরা জঙ্গি সংগঠন আল-কায়েদার সদস্য। তাদের মূল টার্গেট হচ্ছে দোষী সাব্যস্ত আল-কায়েদার অপরাধীদের মুক্ত করে নিয়ে যাওয়া এবং তারা অনেকটা সে লক্ষ্যে স্বার্থক হয়েছে। বন্দী পালানোর সংখ্যা ৫শ’ বলা হলেও ইন্টারনেটে পাঠানো এক বার্তায় সশস্ত্র সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, ওই হামলার পর কয়েক হাজার বন্দী পালিয়ে গেছে।